এএমএল-সিএফটি গভর্নেন্স বিষয়ে কর্মশালার আয়োজন করেছে বিকাশ
ছবি: সংগৃহীত
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চ্যালেঞ্জ, ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমে কমপ্লায়েন্স ব্যবস্থা শক্তিশালী করার কৌশলগত দিক সম্পর্কে ধারণা দিতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে কর্মশালার আয়োজন করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
‘রেগুলেটরি ফ্রেমওয়ার্কস ফর অ্যান্টি মানি লন্ডারিং গভর্নেন্স’ প্রতিপাদ্যে এবারের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। এ সময় বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরসহ বাংলাদেশ ব্যাংক, বিএফআইউ ও বিকাশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের কর্মশালার প্রতিপাদ্য বিষয়ের উপর বিশেষ উপস্থাপনা করেন বিএফআইইউর উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং বিকাশ-এর চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)। বিকাশ-এর এএমএল-সিএফটি বিভাগের ঢাকাসহ সারা দেশের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের বর্তমান প্রেক্ষাপটে এই খাতের ঝুঁকিগুলোকে আরও গভীরভাবে চিহ্নিত করতে হবে এবং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিএফআইইউর দায়িত্ব হলো সব অংশীজনকে নিয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে একসঙ্গে কাজ করা। এ সমস্যা মোকাবিলায় আমাদের হোলিস্টিক অ্যাপ্রোচ বা সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে। বিটিআরসি থেকে শুরু করে এমএফএস, আইন প্রয়োগকারী সংস্থা সবার এখানে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি, সমাজের প্রতিটি মানুষেরও দায়িত্ব রয়েছে এ বিষয়ে সচেতন থাকার।
বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, বিকাশ তার প্রতিষ্ঠান পরিচালনায় কমপ্লায়েন্ট থাকার পাশাপাশি গ্রাহকসহ সব স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও কমপ্লায়েন্স নিশ্চিত করে থাকে। এরই অংশ হিসেবে বিকাশ ডিজিটাল লেনদেনের অপব্যবহার রোধে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে থাকে। নিজেদের কর্মীবাহিনীকে এ বিষয়ে সচেতন রাখার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হয়।
বিকাশ দেশের বিশাল জনগোষ্ঠীকে আর্থিক সেবা দেয় উল্লেখ করে তিনি বলেন, এমএফএস প্রতিষ্ঠান হিসেবে আমাদের যে দায়িত্ব, সেটি পালন করার বিষয়ে আমরা সবসময় সচেতন ও অঙ্গীকারবদ্ধ।
বিকাশ-এর চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) বলেন, মোবাইল আর্থিক সেবার (এমএফএস) পরিধি এখন অনেক বিস্তৃত। ব্যবহারের এই ব্যাপকতার সঙ্গে সঙ্গে সেবাটির অপব্যবহার করার প্রবণতাও বেড়েছে। এই অপব্যবহার প্রতিরোধে কমপ্লায়েন্সকে ২৪ ঘণ্টার নিরবচ্ছিন্ন দায়িত্ব হিসেবে দেখে বিকাশ। বাংলাদেশ ব্যাংকের কমপ্লায়েন্স নির্দেশনা ও গাইডলাইন মেনে সারা বছরজুড়ে এমএফএস এর অপব্যবহার, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন, অনলাইন জুয়া ও বেটিং, ইনফরমাল রেমিটেন্স ও ডিজিটাল পেমেন্টের অপব্যবহার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বিকাশ।