জিহ্বা: নেক আমলের শ্রেষ্ঠ হাতিয়ার
প্রতীকী ছবি
মানবদেহের ক্ষুদ্রতম অঙ্গগুলোর মধ্যে জিহ্বা অন্যতম। আকৃতিতে ছোট হলেও এর ক্ষমতা, প্রভাব এবং পরিণতি অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী মানুষ হিসেবে আমাদের প্রকাশভঙ্গি, বিশ্বাস ও চরিত্রের সবচেয়ে বড় দর্পণ হলো এই জিহ্বা। এটি এমন একটি শক্তিশালী হাতিয়ার, যার সঠিক ব্যবহারের মাধ্যমে একজন মানুষ জান্নাতের উচ্চ মোকাম লাভ করতে পারে, আবার এর অপব্যবহারের মাধ্যমে সে নিক্ষিপ্ত হতে পারে জাহান্নামের অতল গহ্বরে। ইসলামের দৃষ্টিতে জিহ্বার হেফাজত এবং এর সদ্ব্যবহার মুমিনের অন্যতম প্রধান দায়িত্ব এবং নেক আমলের শ্রেষ্ঠ হাতিয়ার।
পবিত্র কুরআনে আল্লাহ-তায়ালা বলেন: 'যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের জিহ্বা, তাদের হাত এবং তাদের পা-তারা যা করত সে সম্পর্কে (হুরা আন-নূর: -২৪)।' অন্য আয়াতে আল্লাহ-তায়ালা মানুষের কথা বলার ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন: 'সে কি সৃষ্টি করেনি তার দুটি চোখ, একটি জিহ্বা এবং দুটি ঠোঁট? এবং তাকে প্রদর্শন করিনি দুই পথ? (সুরা আল-বালাদ-১০)।' এই আয়াতগুলো প্রমাণ করে যে, জিহ্ববা আল্লাহর এক অপূর্ব নিয়ামত এবং এর সঠিক ও সৎ ব্যবহারই মানুষের মুমিন হওয়ার পরিচয় বহন করে। হাদিস শরিফেও জিহ্বার হেফাজত এবং এর উত্তম ব্যবহারের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। রসুলুল্লাহ (স.) বলেছেন: 'যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে (সহিহ বুখারি ও মুসলিম)।'
হজরত সাহল ইবনে সা'দ (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন: 'যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস (জিহ্বা) এবং দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেবো (বুখারি)।' একবার হজরত মুআজ ইবনে জাবাল (রা.) রসুলুল্লাহ (স.)-কে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রসুলাল্লাহ! আমাদের কি কথার জন্যও পাকড়াও করা হবে? উত্তরে রসুল (স.) বলেছিলেন: 'তোমার মা তোমার জন্য কেঁদে যাক, হে মুআজ! মানুষকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা ছাড়া কি তাদের জিহ্বার ফলই এর প্রধান কারণ? (সুনান আত-তিরমিজি)।' জিহ্বা শুধু পাপাচার থেকে বেঁচে থাকার নাম নয়, বরং একে নেক আমল অর্জনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। কম পরিশ্রমে সবচেয়ে বেশি সওয়াব অর্জনের সুযোগ রয়েছে এই জিহ্বার মাধ্যমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার-এই জিকিরগুলো জিহ্বার মাধ্যমে নিয়মিত আদায় করলে অজস্র নেকি অর্জিত হয়। হাদিসে এসেছে: 'দুটি বাক্য এমন রয়েছে, যা জবানে বলতে অত্যন্ত হালকা, কিন্তু পাল্লায় অনেক ভারী এবং দয়াময় আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়-'সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (সহিহ বুখারি)।'
জিহ্বার সর্বশ্রেষ্ঠ ব্যবহার হলো আল্লাহর কালাম তিলাওয়াত করা। কুরআনের একটি হরফ পড়ার জন্য রয়েছে ১০টি নেকি। সমাজ সংস্কার, মানুষের উপকার, সত্যের প্রচার এবং অন্যায় থেকে নিষেধ করার কাজে জিহ্বার ভূমিকা অপরিসীম। কারো সঙ্গে হাসিমুখে কথা বলা বা ভালো একটি উপদেশ প্রদান করাও ইসলামের দৃষ্টিতে সদকা হিসেবে গণ্য হয়। জিহ্বার সংযমের অভাবে মানুষ মুহূর্তেই তার সারা জীবনের নেক আমল নষ্ট করে ফেলতে পারে। যা মুমিনের চরিত্রের সঙ্গে যায় না। বরং এটাকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান বলা হয়েছে (সুরা আল-হুজুরাত ১২)।
সব শেষে বলা যায় যে, জিহ্বা হলো মানুষের ব্যক্তিত্ব, ইমান এবং আমলনামার প্রধান নিয়ন্ত্রক। এটিকে যদি সংযত রাখা যায় এবং আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে ব্যবহার করা হয়, তাহলে এটি জান্নাত অর্জনের সুবর্ণ সুযোগ ও শ্রেষ্ঠ হাতিয়ারে পরিণত হয়। পক্ষান্তরে, এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইহকাল ও পরকাল উভয়ই ধ্বংস হয়ে যায়। তাই আসুন, আমরা আমাদের জিহ্বাকে সর্বদা নেক আমল, জিকির ও সত্যের প্রচারে নিয়োজিত রাখি এবং এর অপকারিতা থেকে সর্বদা সতর্ক থাকি। আল্লাহ-তায়ালা আমাদের জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।
লেখক: সহকারী শিক্ষক, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, পাংশা, রাজবাড়ী