রাজশাহীতে পান বরজ থেকে নারীর লাশ উদ্ধার
প্রতিকি ছবি
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পান বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শেফালী বেগম মোহনপুর উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার পিতার নাম কোঁকড়া।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বাড়ির পাশে শব্দ শুনে তার ছেলে মো. নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বের হওয়ার সময় তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ এবং তার মা ঘরে নেই। এরপর মাকে খোঁজাখুঁজি শুরু করেন নবাব আলী। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে