সেঞ্চুরিয়ন টেস্টে বিশ্রামে থাকবেন পেসার হাসান মাহমুদ

সেঞ্চুরিয়ন টেস্টে বিশ্রামে থাকবেন পেসার হাসান মাহমুদ

ছবি: সংগৃহীত

ফলো থ্রুতে মাথায় বলের আঘাত, পরে আবার কনুইয়ে চোট। সব মিলিয়ে জোহানেসবার্গ টেস্টে বেশ ধকল সইতে হয়েছে হাসান মাহমুকে। তাই সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে হাসানকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না বাংলাদেশ। দারুণ ফর্মে থাকা পেসারকে ছাড়াই খেলবে সফরকারীরা।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগামী সোমবার (২৩ নভেম্বর) শুরু হবে সিরিজ নির্ধারণী টেস্ট। ওই ম্যাচে বিশ্রামে রাখা হবে হাসানকে।

জোহানেসবার্গে প্রথম টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৩০.৪ ওভার বল করেন হাসান। ১১৮ রান দিয়ে শিকার করেন চার উইকেট, যা ছিল দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ। তবে এই পারফরম্যান্সের পেছনে ছিল শারীরিক অস্বস্তির সঙ্গে লড়াই। ম্যাচের আগেই ডান হাতে সমস্যা থাকায় বাহুতে ব্রেস পরে অনুশীলন করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বোলিংয়ের সময়ও তার ডান হাতে কালো ব্রেস দেখা যায়। এর মধ্যেই দ্বিতীয় দিনে মার্কাস অ্যাকারম্যানের জোরালো স্ট্রেইট ড্রাইভ ফলো থ্রুতে হাসানের হাত ছুঁয়ে মাথায় লাগে। প্রাথমিক চিকিৎসা নিয়ে অবশ্য আবার বোলিংয়ে ফেরেন।

চতুর্থ দিনেও পুরোনো চোট ভোগায় তাকে। বোলিংয়ের দ্বিতীয় ওভারে চার বল করার পর ডান হাতে অস্বস্তি অনুভব করেন হাসান। ফিজিও মাঠে এসে চিকিৎসা দিলেও তাৎক্ষণিকভাবে বোলিং চালিয়ে যেতে পারেননি। টেনিস এলবোর পুরোনো সমস্যায় কিছু সময়ের জন্য মাঠের বাইরেও থাকতে হয়। প্রায় ১০ ওভার পর কালো ব্রেস খুলে পুরো বাহুতে সাপোর্ট লাগিয়ে আবার ফেরেন মাঠে। পরে নতুন বলে সাইমন হারমারকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন।

শুধু এই ম্যাচের চোট নয়, সাম্প্রতিক ব্যস্ত সূচিও হাসানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। গত আগস্টে অস্ট্রেলিয়া সফরের দুই টেস্ট দিয়ে শুরু করে চার মাসে দেশের ও দেশের বাইরে মোট ছয়টি টেস্ট খেলেছেন। পাশাপাশি কাউন্টি ক্রিকেটেও খেলেছেন দুই ম্যাচ। সব মিলিয়ে তার ওপর কাজের চাপ কমাতেই দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। হাসান না থাকায় সেঞ্চুরিয়নে বাংলাদেশের পেস আক্রমণে অন্তত একটি পরিবর্তন আসছে।