জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা, ১০ বছর পর মামলা

জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা, ১০ বছর পর মামলা

ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৪ সালের ৫ জানুয়ারি জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। হত্যাকাণ্ডের সাড়ে ১০ বছর পর নিহত শাহাবুল ইসলামের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে এ মামলা করেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে গাইবান্ধা আদালতের জিআরও (জেনারেল রেকর্ডস অফিস) উপপরিদর্শক মো. কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে হত্যা মামলাটি রেকর্ড করেন সুন্দরগঞ্জ থানা পুলিশ।
মামলায় আওয়ামী লীগের ৭৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এতে ২০১৬ সালে নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ই জানুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যান শাহাবুল ইসলাম ও মিজানুর রহমান। এসময় সংঘবদ্ধ হয়ে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাত আরো ৪০ থেকে ৫০ জন মিজানুর রহমানের উপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। ধারালো ছুরি, রামদা, কুড়া, শাবল ও বেশি দিয়ে এলোপাথাড়ি কোপায় দুর্বৃত্তরা। ঘটনার সময় বাঁচার জন্য স্থানীয় মোনায়েমের বাঁশঝাড়ে অবস্থান নিলে আহত মিজানুরকে ঘিরে ধরে ধারালো ছুরি দিয়ে মাথায় ও শরীরে গুরুতর জখম করে অভিযুক্তরা। মুমূর্ষু অবস্থায় মিজানুর মাটিতে লুটিয়ে পড়লে বাদির বড় ভাই শাহাবুল ইসলাম রক্ষা করার চেষ্টা করেন।
এসময় উল্লিখিত আসামিরা শাহাবুল ইসলামকে এলোপাতাড়ি ছুরি দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে।
ঘটনার সময় আসামিরা গুরুতর আহত মিজানুরকে মৃত ভেবে রেখে চলে যায়। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত মিজানুর ও শাহাবুল ইসলামকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দায়িত্বরত চিকিৎসক শাহাবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো করা হয়।
এ ঘটনায় দীর্ঘ সাড়ে ১০ বছর পর পরিবারের পক্ষে তার ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদি হয়ে হত্যা মামলা করেন। মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করেন থানা পুলিশ।
কোর্ট জি.আরও উপপরিদর্শক কামাল হোসেন বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে শাহাবুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিণী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।