কর্মমুখী উচ্চশিক্ষায় নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে সমঝোতা সই
ছবি: সংগৃহীত
উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে এবং শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে শিল্প-অ্যাকাডেমিয়া কোলাবরেশনবিষয়ক মতবিনিময় সভা ও সমঝোতা স্মারক সই হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান। স্বাগত বক্তব্য দেন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আবু সায়েম মো. মোহসীন। সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক সামিয়া জাহান।
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন যুগোপযোগী, কারিকুলাম ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন, বিদেশি ভাষা শিক্ষা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিল্পখাতের সাথে নিবিড় সংযোগ স্থাপন জরুরি।
একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।