নিরাপত্তা সফরের অংশ হিসেবে ইতালি যাচ্ছেন সৌদি যুবরাজ

নিরাপত্তা সফরের অংশ হিসেবে ইতালি যাচ্ছেন সৌদি যুবরাজ

ছবিঃ সংগৃহীত।

ইয়েমেনের হুতিদের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে আগামী মাসে ইতালি যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।ইতালীয় সংবাদপত্র ‘লা রিপাব্লিকা’-এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি যুবরাজ ১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে রোম সফর করতে পারেন। এটি হবে দেশটিতে তার প্রথম আনুষ্ঠানিক সফর।

এই সফরের সময় তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার একটি পদক্ষেপ হতে পারে।

সংবাদপত্রটির কাছে তথ্য প্রদানকারী দুটি সূত্র জানিয়েছে, সফরের প্রস্তুতি বেশ এগিয়েছে। তবে ডিসেম্বরের শুরুর আগে এর আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়ার সম্ভাবনা কম।

এই সফরটি মধ্যপ্রাচ্যের সংঘাতের পরিস্থিতি এবং সৌদি যুবরাজ নিরাপদে তার দেশ ত্যাগ করতে পারবেন কি না তার ওপর নির্ভর করছে। যদি সফরটি নিশ্চিত হয়, তবে প্রধানমন্ত্রী মেলোনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (যিনি এমবিএস নামেও পরিচিত) ‘ভিলা আলগার্দি’-তে আতিথ্য দিতে পারেন।

এটি একটি সরকারি স্থাপনা, যা আন্তর্জাতিক নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের জন্য ব্যবহৃত হয়।

২০১৫ সালে সরকারি দায়িত্ব গ্রহণের পর থেকে (প্রথমে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এবং পরবর্তীতে ২০২২ সালে প্রধানমন্ত্রী হিসেবে) মোহাম্মদ বিন সালমান ইতালিতে কোনো আনুষ্ঠানিক সফর করেননি বা দেশটির কোনো আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নেননি।

এবারের সফরটি রোম ও রিয়াদের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সহযোগিতার প্রতিফলন। মধ্যপ্রাচ্যে ইতালির প্রধান দুটি তেল সরবরাহকারীর একটি হলো সৌদি আরব (অন্যটি ইরাক); দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

মার্চের মাঝামাঝি সময় থেকে ইরান ও হুথিদের আক্রমণ থেকে সুরক্ষার জন্য শত শত ইতালীয় সামরিক সদস্যকে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে মোতায়েন করা হয়েছে। এই মোতায়েন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত রয়েছে এসএএমপি/টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্কাইনেক্স ড্রোন-প্রতিরোধ ব্যবস্থা এবং ইউরোফাইটার যুদ্ধবিমান।

চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সৌদি আরবের তায়েফ বিমান ঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইতালির একটি ইউরোফাইটার যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়; তবে এতে কোনো ইতালীয় কর্মী আহত হননি। মেলোনি গত চার বছরে বেশ কয়েকবার উপসাগরীয় অঞ্চল সফর করেছেন এবং সৌদি আরবে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দুবার সাক্ষাৎ করেছেন।

এপ্রিলে জেদ্দায় সর্বশেষ সাক্ষাতের সময় ইরান-সংশ্লিষ্ট সংঘাত এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়ার কারণে সৃষ্ট তেল সংকটের প্রেক্ষাপটে মেলোনি জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছিলেন।

তার এই আঞ্চলিক সফরের অন্তর্ভুক্ত ছিল কাতার ও সংযুক্ত আরব আমিরাতও। উভয় নেতা ২০২৫ সালের মধ্যে জ্বালানি, প্রতিরক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি ‘কৌশলগত অংশীদারিত্ব কাউন্সিল’ গঠনের বিষয়ে সম্মত হয়েছিল।

‘লা রিপাব্লিকা’-এর প্রতিবেদন অনুযায়ী, যুবরাজ মোহাম্মদ বিন সালমান বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন, কারণ ইরান-সংশ্লিষ্ট সংঘাতের ফলে হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি ব্যাহত হয়েছে। হুতি বাহিনী বারবার সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালিয়েছে। পাশাপাশি তারা বাব আল-মানদাব প্রণালি দিয়ে সৌদি জাহাজগুলোর চলাচলও বাধাগ্রস্ত করছে।

জুলাইয়ের শেষ দিকে বাব আল-মানদাব প্রণালি সুরক্ষার জন্য একটি সম্ভাব্য নৌ-মিশন নিয়ে মোহাম্মদ বিন সালমান মিত্রদের সঙ্গে আলোচনা করেন। ইতালি এতে পর্যবেক্ষক হিসেবে অংশ নেয় এবং লোহিত সাগরে বর্তমানে চলমান ‘অ্যাসপিডিস’ নৌ-মিশনকে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে।

এর মধ্যে সেপ্টেম্বরে সৌদি আরবের বিমানবন্দর ও সামরিক ঘাঁটিগুলোতে হুতি হামলার পর আন্তর্জাতিক নেতার মধ্যে মেলোনি সবার আগে যুবরাজের সঙ্গে যোগাযোগ করে ইতালির সংহতি প্রকাশ করেছিলেন।

এমন পরিস্থিতিতে ডিসেম্বরে পরিকল্পিত এই সফরটি দেশ দুটির অব্যাহত অংশীদারিত্বের ক্ষেত্রে আরও একটি পদক্ষেপ হিসেবে গণ্য হবে, যদিও এর চূড়ান্ত নিশ্চয়তা নির্ভর করছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর। ইয়েমেনে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং সৌদি আরবের শহর ও অবকাঠামোর ওপর হুতি বিদ্রোহীদের হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় তার আন্তর্জাতিক সফরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর তথ্য অনুযায়ী, যুবরাজ এখন অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে বাঙ্কারসহ সুরক্ষিত বাসস্থানে অবস্থান এবং জনসমক্ষে আসার হার কমিয়ে দিয়েছেন।