মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে উদ্ধার ২৮

মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে উদ্ধার ২৮

সংগৃহীত ছবি

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে ট্রলারটি ভিড়লে স্থানীয় লোকজনের খবরে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা তাদের উদ্ধার করেন।

এসময় ট্রলারে থাকা পাচারকারীরা পালিয়ে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজার সদর, উখিয়া ও লক্ষ্মীপুরের বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে রোহিঙ্গারাও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া লক্ষ্মীপুরের বাসিন্দা মোখতার হোসেন জানান, মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে এক দালালের সঙ্গে সাড়ে তিন লাখ টাকায় চুক্তি করেছিলেন তিনি।

চারদিন আগে ট্রলারে করে তাঁদের যাত্রা শুরু হয়। ট্রলার ছাড়ার পর থেকেই বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তাঁদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে থাকেন দালালরা।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন উখিয়ার রত্নাপালং এলাকার সাইফুল ইসলামের ১৮ বছর বয়সী ছেলে তানজিদ ইকবাল ইমন। তাঁর বাবা জানান, গত বুধবার (১৮ নভেম্বর) থেকে নিখোঁজ ছিল ইমন।

এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তাঁর মোবাইল ফোনে পাচারকারীদের একটি কল আসে। ছেলেকে মুক্তি দেওয়ার বিনিময়ে পাচারকারীরা টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ট্রলারটি তীরে পৌঁছালে সেখান থেকে লাফ দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মানবপাচারের সঙ্গে জড়িত কেউ আছে কিনা, তা জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।