অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী

অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি স্বার্থানেষী মহল তত্পর রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি কোনো একক পক্ষের দায়িত্ব নয়। সরকার, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এ অপতত্পরতা প্রতিহত করতে হবে। কারণ অর্থনৈতিক অগ্রগতি সরকারের একার স্বার্থ নয়, এটি দেশের প্রতিটি মানুষের স্বার্থের বিষয়।

গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা (সিআইটিএফ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে অতীতে যেভাবে গুটিকয়েক মানুষের হাতে কেন্দ্রীভূত করা হয়েছিল, সেই অবস্থা থেকে বের করে আনতে চায় সরকার। অর্থনীতির গণতন্ত্রায়ন করতে হবে, যাতে দেশের প্রতিটি মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পায় এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে। শুধু রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব নয়। অর্থনৈতিক ক্ষেত্রেও সবার অংশগ্রহণ ও সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে হলে সবার আগে দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা জরুরি। স্থিতিশীলতা বজায় থাকলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বড় ধরনের অগ্রযাত্রায় শামিল হতে পারবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিবেশ ধরে রাখা সম্ভব হলে পাঁচ বছরের শেষে দেশের অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছাবে। কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকারের লক্ষ্যও সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাও সিটি করপোরেশনের অন্যতম অগ্রাধিকার।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের স্বার্থে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। দেশ সবার, তাই জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস নিয়ে অর্থমন্ত্রীর দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে ব্যবসায়ী সমাজ জানতে আগ্রহী। এসব গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়ন দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে।

সিআইটিএফের চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এস এম সাইফুল আলম এক মাসব্যাপী এ আয়োজন সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।