বাণিজ্যযুদ্ধের পর প্রতিরক্ষা সম্পর্কেও যুক্তরাষ্ট্র-কানাডা বিরোধ
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। কানাডার সঙ্গে সামরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ বিষয়ে গত সপ্তাহে একটি গোপন নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
শুক্রবার (২১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে তারা কেউই নির্দেশনাটির অনুলিপি দেখেননি। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে কানাডা ‘চরম অপমান’ হিসেবে বিবেচনা করতে পারে।
এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা স্বার্থে কার্যকর ফল নিশ্চিত করতে কানাডার সঙ্গে বিভিন্ন যোগাযোগ ও সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে নতুন নির্দেশনার কারণে প্রতিরক্ষা গোয়েন্দা তথ্য বিনিময় কিংবা ন্যাটো ও উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা জোট নোরাডের মাধ্যমে সহযোগিতা ব্যাহত হবে না।
এদিকে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গোয়েন্দা জোট ফাইভ আইসের এক সদস্য দেশের কর্মকর্তা জানিয়েছেন, তথ্য বিনিময় বন্ধ বা পরিবর্তনের বিষয়ে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে গত এক বছরে বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পরিমাণ কমেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বিরোধের মধ্যেই নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার কথা বলেছেন। পাশাপাশি ইস্পাত, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিরোধও চলছে।
এর জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পালটা শুল্ক আরোপ করেছে কানাডা। গত মার্চে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, কানাডা তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার লক্ষ্য পূরণ করেছে।
এ ছাড়া পিট হেগসেথের বিভিন্ন বক্তব্য ও আচরণ নিয়েও দুই দেশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে হেগসেথের একটি পোস্টের সমালোচনা করে কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি বলেছিলেন, এ ধরনের বক্তব্য তার দায়িত্বশীল পদের মর্যাদার সঙ্গে মানানসই নয়।
শুক্রবারও কানাডাকে নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, কানাডা এখন নিজেকে বেশি শক্তিশালী বা সাহসী মনে করছে। ওয়াশিংটন আর দেশটিকে এভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠতে দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যসূত্র: আনাদোল