ইরান সমঝোতা চায়, তবে শর্ত গ্রহণযোগ্য নয়: ট্রাম্প
সংগৃহীত
ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এখনো ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য কোনো শর্ত প্রস্তাব করেনি বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান একটি সমঝোতা করতে চায়। কিন্তু তারা এমন কোনো চুক্তিতে পৌঁছাতে আগ্রহী নয়, যা তাঁর কাছে গ্রহণযোগ্য।
ট্রাম্প বলেন, ‘আমরা একটি প্রকৃত সমঝোতা চাই, কোনো ভুয়া সমঝোতা নয়।’ এ সময় তিনি অভিযোগ করেন, ইরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করে আসছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, আলোচনার ক্ষেত্রে তেহরানের অন্যতম প্রধান শর্ত হলো সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না। তবে তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে একটি ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব।
আরাগচি বলেন, ইরান এমন একটি সমঝোতা চায়, যা ভবিষ্যতে নতুন করে যুদ্ধের আশঙ্কা দূর করবে। আলোচনার পরবর্তী ধাপে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার নিশ্চয়তাও চায় তেহরান। পাশাপাশি পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপ নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে সামরিক অভিযান চালানোর আশঙ্কা নিয়ে জল্পনা বাড়ছে। প্রায় ৯ মাস ধরে চলা সংঘাতের পর নতুন করে বড় ধরনের হামলা চালানো হবে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট সিদ্ধান্ত জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
গত বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী বছরের শুরুর আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। তাঁর ভাষায়, ‘আমাদের হাতে সময় আছে।’
এদিকে, নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালাতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্ভাব্য এ অভিযান চার থেকে সাত দিন স্থায়ী হতে পারে।
তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল।