খুলনায় "মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস" বইয়ের মোড়ক উন্মোচন
ছবি: প্রতিনিধি
মাধ্যমিক শিক্ষা ও শিক্ষকদের ঐতিহাসিক বৈষম্য-বঞ্চনার চিত্র নিয়ে লেখা "মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস" বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষক নেতা ও তরুণ লেখক মোঃ ওমর ফারুকের লেখা বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম আইয়ুব হোসাইন। সঞ্চালনা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয় কান্তি গাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও খুলনার জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) খুলনা অঞ্চলের সাবেক সভাপতি ও করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষিকা মমতাজ খাতুন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সাবেক জেলা শিক্ষা অফিসার ও যশোর জিলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, মাসিক নয়া ধূমকেতু পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি একেএম গোলাম আযম। এছাড়া খুলনা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক এবং সিনিয়র ও সহকারী শিক্ষকরা আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা জাতির শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি। অথচ দীর্ঘদিন ধরে এ স্তরের শিক্ষা এবং শিক্ষার মূল কারিগর শিক্ষকরা নানামুখী বৈষম্য, অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। লেখক বইয়ে এই বৈষম্যের ঐতিহাসিক প্রেক্ষাপট, নীতিগত অসংগতি ও বঞ্চনার বাস্তব চিত্র তুলে ধরেছেন।
বক্তারা আরও বলেন, বইটি কেবল অতীতের দলিল নয়; বরং মাধ্যমিক শিক্ষার ন্যায্য অধিকার ও শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার একটি যুক্তিনির্ভর প্রয়াস। অনুষ্ঠানের শেষে বক্তারা লেখক ও বইটির সাফল্য কামনা করেন।