হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহিত।

দিনাজপুরের পার্বতীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় মানতাশা আরফিন মেঘলা (৩৪) নামে পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চাঁদনগর মহল্লার ভাসানী সড়কে হাসিনা মঞ্জিল নামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানতাশা আরফিন মেঘলা দিনাজপুরের পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের মৃত. ডিএম মাসুদুর রহমানের মেয়ে। তিনি পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মুন্নি বেগম তার ছেলে আবির নবি দোয়াদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় মামলার আসামিরা প্রায় ৭০ জন অজ্ঞাত ব্যক্তিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হন।

আসামিরা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করা এবং প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয়। এর প্রতিবাদ করলে হত্যার উদ্দেশ্যে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে মামলার বাদী মুন্নি বেগম ও তার ছেলে মারধরের শিকার হয়ে রক্তাক্ত জখম হন। পরে আসামিরা বাদীর বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টার মামলায় মানতাশা আরফিন মেঘলাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।