হাফ ভাড়া নিয়ে ‘অপমান’, ৭ বাস আটকে রাখলো ইডেন কলেজ ছাত্রীরা
ছবিঃ সংগৃহিত।
হাফ ভাড়া নিয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীকে ‘অপমান’ এর প্রতিবাদে নীলাচল পরিবহনের সাতটি বাস আটকে রাখলো ইডেন মহিলা কলেজের ছাত্রীরা।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ইডেন কলেজের সামনের রাস্তা দিয়ে চলাচলকারী এসব বাস আটকে রাখে ছাত্রীরা।
শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গতকাল ইডেন কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী কলেজের সামনে থেকে থেকে নীলাচল বাসে সাভারে যাওয়ার পথে হাফ ভাড়া দেন। এ নিয়ে বাসের হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় বাসের হেলপার ওই শিক্ষার্থীকে গাবতলী এলাকায় বাস থেকে নেমে যেতে বলেন এবং হাফ ভাড়া দেওয়ায় তাকে অপমানজনক কথা বলেন।
পরে ঐ শিক্ষার্থী বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।
শনিবার দুপুরে সরেজমিনে ইডেন কলেজের সামনে দেখা যায়, বাসগুলো রাস্তার পাশে আটক করে রাখা হয়েছে। ছাত্রীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন। উদ্ভুত পরিস্থিতিতে কলেজের শিক্ষক এবং পুলিশে কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে।