পুলিশকে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পুলিশকে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ছবিঃ সংগৃহিত।

পুলিশ সদস্যদের পেশাদারিত্বের ভিত্তিতে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশের সাথে রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে এবং বাহিনীটিকে রাজনৈতিক ক্যাডার ও জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত সতর্ক ও সুচিন্তিত।

শনিবার (২১ নভেম্বর) যশোর কোতয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ছয়তলা ফাউন্ডেশনের এই নতুন ভবনটি ১১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে চারতলা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কিছু নাশকতা সৃষ্টির অপচেষ্টা চলছে। কিন্তু প্রধানমন্ত্রী কোথাও পুলিশ ও জনগণকে পরস্পরের প্রতিপক্ষ বানানোর সুযোগ দেননি। পুলিশ সদস্যরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আগামী দিনে 'জনবান্ধব পুলিশ বাহিনী' হিসেবে জনগণকে সেবা দেবেন—যাতে সাধারণ মানুষ পুলিশকে প্রকৃত বন্ধু হিসেবে ভাবতে পারে। প্রধানমন্ত্রী সেটিই নিশ্চিত করতে কাজ করছেন।

কোতয়ালি থানার ঐতিহ্যের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে এই থানার বড় ভূমিকা রয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর সারা দেশে যখন মব কালচারের মাধ্যমে বিভিন্ন থানা লুটপাটের ঘটনা ঘটে, তখন বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে যশোর কোতয়ালি থানার সুরক্ষা নিশ্চিত করেছিলেন। বিগত দেড় দশকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি দলীয় নেতাকর্মীদের অনেক দুঃখ-বেদনা থাকলেও তারা উপলব্ধি করেছিলেন যে, একটি সভ্য রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী অবিচ্ছেদ্য অংশ।

উন্নত অবকাঠামো ও কর্মপরিবেশে পুলিশ সদস্যরা জনগণকে আরও ভালো সেবা দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে এবং কাজের মানের সাথে কোনো প্রকার আপস না করে ভবন নির্মাণ সম্পন্ন করতে যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে কড়া নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যশোরে কোনো সরকারি স্থাপনার কাজের মানের ক্ষেত্রে আপসের কথা তিনি শুনতে চান না। এছাড়া, কোতয়ালি থানার পুরাতন ভবনে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী পুলিশ সদস্যদের যে স্মৃতিচিহ্ন ছিল, নতুন ভবন নির্মাণের পর এই ক্যাম্পাসে তাদের স্মৃতি সংরক্ষণের জন্য আলাদা উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, সিভিল সার্জন মাসুদ রানা, যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।