নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ফাইল ছবি

নড়াইলের কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা জাসাসের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীদের হামলায় জাসাস নেতা সোহেল রানা নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তাঁরা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে নেতা-কর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের জাসাস, ওলামা দল, বাস্তুহারা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান ও সদস্য সচিব হাফেজ মো. সাইফুল্লাহ আল কাফি, জেলা বাস্তুহারা দলের আহ্বায়ক পলাশ ও সদস্য সচিব রবিউল, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সফিকুল, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুশফিকুর রহমান ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, পাটকেলঘাটা থানা জাসাসের আহ্বায়ক রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া আশাশুনি ও পৌর জাসাসের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।