প্রেমের টানে ইনফ্লুয়েন্সারের বাড়িতে ভক্ত, বেধড়ক মারে গেল প্রাণ

প্রেমের টানে ইনফ্লুয়েন্সারের বাড়িতে ভক্ত, বেধড়ক মারে গেল প্রাণ

ফাইল ছবি

ভারতের জনপ্রিয় ইনফ্লুয়েন্সর নেহা বিস্ত। গেল কয়েকদিন আগেই ভক্তদের সঙ্গে বিয়ের খবর ভাগ করে নেন তিনি। তবে তার বিয়ের খবর মেনে নিতে পারেননি এক অনুরাগী। প্রেমের টানে ছুটলেন ইনফ্লুয়েন্সরের বাড়িতে। দাবি তুললেন নেহাকে বিয়ে করে তবেই বাড়ি ফিরবেন। ভক্তের এমন কথায় মেজাজ হারালেন তার পরিবারের লোকজন। নেহাকে বিয়ে করতে চাওয়াই কাল হলো ভক্তর। ইনফ্লুয়েন্সরের বাবা ও এক প্রতিবেশীর হাতে প্রাণ দিতে হলো তাঁকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের দাবি তুললে নেহার পরিবারের সদস্যদের বাধার মুখে পড়েন ওই যুবক। এক পর্যায়ে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহত অবস্থায় তাঁকে রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৫ নভেম্বর মারা যান তিনি। এ ঘটনায় নেহার বাবা বীরেন্দ্র বিস্তসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মৃত ওই যুবকের নাম অভিনব। উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা অভিনব চেন্নাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি নিয়মিত নেহার ভিডিও দেখতেন। তার কনটেন্ট দেখতে দেখতে একতরফা ভালোবাসা তৈরি হয়। কয়েক মাস আগে অনুরাগী পরিচয়ে নেহার বাড়িতে গিয়েছিলেন অভিনব।

গত ৭ নভেম্বর নেহা বাড়িতে থাকাকালীন জোর করে তার বাড়িতে ঢুকে পড়েন অভিনব। নেহাকে বিয়ে করার দাবি তোলেন। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করে নেহার পরিবার। সেখানে উল্লেখ করা হয়, অভিনব যখন নেহার বাড়িতে বিয়ের দাবি নিয়ে হাজির হন তখন তার মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছিল। বাড়িতে ঢুকে চিল্লাপাল্লা করায় ক্ষুব্ধ হন নেহার পরিবার। একপর্যায়ে কয়েকজন প্রতিবেশী সেখানে জড়ো হন এবং সবাই মিলে অভিনবকে মারধর করেন।

এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মারধরের ঘটনায় আর কেউ জড়িত ছিলেন কি না তা জানতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।