ভারতের উৎসবে বাঁধন অভিনীত সিনেমা
ছবি: সংগৃহীত
চলচ্চিত্র নিয়ে ভারত তথা উপমহাদেশের অন্যতম বড় আয়োজন ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ডিসেম্বরের মাঝামাঝিতে বসবে এর ৩২তম আসর। অনেক বছর ধরে এ উৎসবে বাংলাদেশের সিনেমাও অংশ নেয়। বিভিন্ন সময়ে জিতেছিল পুরস্কারও।
তবে গত দুই বছরে বাংলাদেশের সিনেমা রাখেনি উৎসব কর্তৃপক্ষ। এর পেছনে রাজনৈতিক পরিস্থিতির কারণ রয়েছে বলে শোনা যায়।
অবশেষে দুই বছর পর কলকাতার উৎসবে বাংলাদেশের সিনেমা জায়গা পেল। আসন্ন উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে লড়বে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
অদ্ভুত ব্যাপার হলো, সিনেমাটি মূলত বাংলাদেশের হলেও কলকাতা উৎসব কর্তৃপক্ষ এটিকে ফ্রান্সের বলে উল্লেখ করেছে। মূলত বাংলাদেশের পাশাপাশি এটি ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের কয়েকজন প্রযোজক মিলে বানিয়েছেন। সেই সূত্রে এটিকে ফ্রান্সের সিনেমা বলে উল্লেখ করেছে উৎসব কর্তৃপক্ষ।
জানা গেছে, কলকাতা উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দ্য ডিফিকাল্ট ব্রাইডসহ নির্বাচিত হয়েছে ভারত, জর্জিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরান, জার্মানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের ১৫টি সিনেমা। এর মধ্যে বাংলা ভাষার একমাত্র সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
কলকাতা উৎসবে সিনেমা নির্বাচিত হওয়ায় নির্মাতা রুবাইয়াত হোসেন উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অবশেষে বাংলাভাষী দর্শকেরা সিনেমাটি দেখবেন, এই ভেবে তিনি আনন্দিত। আর কলকাতাও তার অত্যন্ত প্রিয় শহর বলে জানিয়েছেন নির্মাতা।
আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ার হয় সিনেমাটির। সেখানে একটি স্বীকৃতিও পায় এটি। এছাড়াও টরন্টো ও লন্ডনের মতো বিখ্যাত উৎসবে সিনেমাটি নির্বাচিত হয়েছে।