ফাহিম ফারুকীকে ইসলামী আন্দোলনের আইনি নোটিশ

ফাহিম ফারুকীকে ইসলামী আন্দোলনের আইনি নোটিশ

ছবিঃ সংগৃহীত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির শীর্ষ নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ইকরামুল হাসান ফাহিম ওরফে ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের দাবি জানানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফের পক্ষে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, গত ২০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এবং সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। 

এসব অভিযোগের মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে সম্পৃক্ততা, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে অর্থ গ্রহণ, গোপন বৈঠক এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ও ছিল।

ইসলামী আন্দোলনের দাবি, এসব অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ বা গ্রহণযোগ্য দলিল উপস্থাপন করা হয়নি। নোটিশে বলা হয়েছে, রাজনৈতিক মতপার্থক্য ও সমালোচনার সুযোগ থাকলেও প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ তোলা গ্রহণযোগ্য নয়।

এতে আরও উল্লেখ করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সাল থেকে স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক স্বকীয়তা বজায় রেখে নিয়মতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নোটিশে ফাহিম ফারুকীকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগগুলো প্রত্যাহার করে নিঃশর্ত ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। যে মাধ্যমে বক্তব্য প্রচার করা হয়েছে, একই মাধ্যমে যথাযথ গুরুত্ব ও পরিসরে তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপন এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

এর আগে শনিবার (২১ নভেম্বর) শেখ ফজলুল করীম মারুফ এক বিবৃতিতে দলের বিরুদ্ধে চলমান ‘অপপ্রচারের’ প্রতিবাদ জানান। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতা রাজনীতির স্বাভাবিক সৌন্দর্য। তবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি উভয় ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেল জানিয়েছে, এসব ঘটনার ধারাবাহিকতায় ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।