জুনিয়র দলেও ব্যর্থতা নিয়ে ফিরে যাচ্ছেন ক্রুইফ
ছবি: সংগৃহীত
২০১২ সালের শেষ দিকে বাংলাদেশ ফুটবল দলের কোচ হয়ে এসেছিলেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। ২০১৬ সাল পর্যন্ত তিনি কয়েক দফায় জামালদের কোচ ছিলেন। দশ বছর পর আবার বাংলাদেশে কোচিং করাতে সেই ব্যর্থতা সঙ্গী ক্রুইফের।
বাফুফে আকস্মিকভাবে অ-১৭ দলের হেড কোচ করে ক্রুইফকে। এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই পর্ব উতরানোর চ্যালেঞ্জ ছিল। এতে ব্যর্থ হয়েছেন। ফলে ক্রুইফের বাংলাদেশের অধ্যায় পুনরায় আর দীর্ঘ হচ্ছে না। বাফুফে শুধু এই টুর্নামেন্টের জন্য চুক্তি করেছিল। ডেভেলপমেন্ট কমিটি সেই চুক্তি আর নবায়নে আগ্রহী নয়। তারা আগামী বছর কর্মসূচির জন্য নতুন করে কোচ খুঁজবে বলে জানা গেছে।
এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই সাত গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দলই কেবলমাত্র আগামী বছর মূল রাউন্ডে খেলবে। বাংলাদেশ পড়েছে সংযুক্ত আরব আমিরাতে সি গ্রুপে। এই গ্রুপে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিরিয়া গ্রুপ চ্যাম্পিয়ন। বাংলাদেশ চার ম্যাচে দুটিতে হেরেছেন। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হার। পরের ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারায়। তৃতীয় ম্যাচে ম্যাকাওকে ১-০ গোলে হারিয়েছিল। শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে।
বাফুফে এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য জর্ডান পাঠিয়েছিল। ক্রুইফের অধীনে মাস খানেকের বেশি সময় অনুশীলন। এরপরও আরব আমিরাত, সিরিয়ার বিপক্ষে পয়েন্ট পায়নি বাংলাদেশ। ফলে ক্রুইফ মিশন ব্যর্থই।