রাজশাহীর পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু

রাজশাহীর পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু

সংগৃহীত

রাজশাহী জেলার পবা উপজেলায় প্রথমবারের মতো ‘গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি’ শুরু হয়েছে।

রোববার সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য  মোহাম্মদ শফিকুল হক মিলন।

এ কর্মসূচির আওতায় পবা উপজেলার আটটি ইউনিয়নে গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়নের মাধ্যমে মোট ১৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। 

রোপণ করা গাছের একটি অংশের পরিচর্যার দায়িত্ব পালন করবেন গ্রাম পুলিশ সদস্যরা। 

গাছগুলো বড় হয়ে অর্থকরী সম্পদে পরিণত হলে সংশ্লিষ্ট গাছ থেকে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ পাবেন দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ।

বাকি ৫০ শতাংশ অর্থ জমা হবে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে। গ্রামীণ সড়কে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রাম পুলিশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এমপি মিলন বলেন, গ্রাম পুলিশ সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতিটি ইউনিয়নে একটি করে সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ নামকরণ এবং ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি দেশব্যাপী বাস্তবায়ন করা হচ্ছে। 

এরই অংশ হিসেবে পবা উপজেলায় প্রথমবারের মতো এ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নে প্রতিটিতে দুই হাজার করে মোট ১৬ হাজার গাছ লাগানো হবে। 

এর একটি অংশের রোপণ ও পরিচর্যার দায়িত্বে থাকবেন গ্রাম পুলিশ সদস্যরা। বাকি গাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রোপণ করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশ সড়ক নামে একটি করে সড়কের নামকরণ করা হয়েছে। পাশাপাশি তাদের বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।

পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র শেখ মুকবুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও উপকারভোগীরা।