বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
ছবিঃ সংগৃহীত।
শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ ১২ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় পৌঁছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন জাতিসংঘের এই বিশেষ দূত। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব ফরিদা শহীদকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় তিনি সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং কারিগরি, বৃত্তিমূলক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা জোরদারে কাজ করছে সরকার। পাশাপাশি প্রত্যন্ত ও শিক্ষা-সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের জন্য শিক্ষার সুযোগ আরও বাড়ানোর পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কেও বিশেষ দূতকে অবহিত করেন তিনি।
সচিব আশা প্রকাশ করেন, ফরিদা শহীদের এ সফর শিক্ষার অধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গঠনমূলক সংলাপ ও অর্থবহ আলোচনার সুযোগ তৈরি করবে। সফর শেষে তার পর্যবেক্ষণ ও সুপারিশ শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে সরকারের চলমান প্রচেষ্টায় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় সফরকালে সরকার থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
জবাবে ফরিদা শহীদ বাংলাদেশ সরকারকে উষ্ণ অভ্যর্থনা ও সফরের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশের শিক্ষানীতি, বিভিন্ন উদ্যোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে জানার সুযোগ পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। সফরকালে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনার প্রত্যাশাও জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে এটিই ফরিদা শহীদের প্রথম বাংলাদেশ সফর। ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এ সফরে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং নাগরিক সমাজের সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।