রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৪৩২২ মামলা
প্রতিকি ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে মোট ১৩৫টি, লালবাগ বিভাগে মোট ২০১টি, মতিঝিল বিভাগে মোট ৪৬৪টি, ওয়ারী বিভাগে ৭৩২টি, তেজগাঁও বিভাগে মোট ২৪১টি, মিরপুর বিভাগে মোট ৮৭০টি, উত্তরা বিভাগে মোট ৭৪৩টি এবং গুলশান বিভাগে মোট ৯৩৬টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৮০৮টি গাড়ি ডাম্পিং ও ৮০৯টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।