শীতের সন্ধ্যায় ঘরেই তৈরি করুন ক্যাফের মতো ঘন হট চকলেট
ফাইল ছবি
শীতের সন্ধ্যায় এক মগ গরম হট চকলেটের চেয়ে আরামদায়ক পানীয় খুব বেশি নেই। ঘন, মোলায়েম চকলেটের স্বাদ, ওপরে হুইপড ক্রিমের স্তর—সব মিলিয়ে ক্যাফের এই জনপ্রিয় পানীয় সহজেই মন ভালো করে দিতে পারে।
তবে এর স্বাদ নিতে প্রতিবার ক্যাফেতে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করতে পারেন ক্যাফের মতো হট চকলেট।
শুধু গরম দুধে চকলেট পাউডার মিশিয়ে নিলেই অবশ্য ক্যাফের মতো স্বাদ পাওয়া যাবে না। পানীয়টি ঘন ও মোলায়েম করতে প্রয়োজন আসল চকলেট, কোকো পাউডার ও ফ্রেশ ক্রিম।
চলুন জেনে নেওয়া যাক রেসিপি।
যেসব উপকরণ লাগবে
দুই মগ হট চকলেট তৈরিতে প্রয়োজন হবে—
-
ফুল ক্রিম দুধ ২ কাপ
-
ভালো মানের ডার্ক বা সেমি-সুইট চকলেট ১০০ গ্রাম
-
চিনি ছাড়া কোকো পাউডার ২ টেবিল চামচ
-
ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ
-
চিনি ১ থেকে ২ টেবিল চামচ
-
ভ্যানিলা এক্সট্র্যাক্ট আধা চা-চামচ
-
সামান্য লবণ
সাজানোর জন্য রাখতে পারেন হুইপড ক্রিম, চকলেট কুচি, কোকো পাউডার অথবা ছোট মার্শম্যালো।
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি সসপ্যানে দুধ নিয়ে কম থেকে মাঝারি আঁচে গরম করুন। এবার এতে কোকো পাউডার ও চিনি দিয়ে ভালোভাবে নাড়ুন, যাতে কোনো দলা না থাকে।
দুধ হালকা গরম হয়ে এলে কুচি করে রাখা চকলেট যোগ করুন। চকলেট পুরোপুরি গলে দুধের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। তবে মিশ্রণটি বেশি ফুটতে দেবেন না। এতে দুধ পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং চকলেটের মসৃণ ভাব নষ্ট হতে পারে।
এরপর ফ্রেশ ক্রিম, ভ্যানিলা এক্সট্র্যাক্ট ও সামান্য লবণ মেশান।
আরও দুই থেকে তিন মিনিট নাড়ুন। মিশ্রণটি চকচকে ও কিছুটা ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন।
আরও ঘন করতে চাইলে এক চা-চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে এক টেবিল চামচ ঠান্ডা দুধ মিশিয়ে সসপ্যানে ঢেলে দিতে পারেন। এরপর কম আঁচে আরও এক থেকে দুই মিনিট রান্না করুন।
সবশেষে দুই মগে হট চকলেট ঢেলে ওপরে হুইপড ক্রিম, কোকো পাউডার ও চকলেট কুচি ছড়িয়ে দিন। চাইলে যোগ করতে পারেন ছোট মার্শম্যালো, চকলেট সস কিংবা সামান্য দারুচিনি গুঁড়া। গরম গরম পরিবেশন করুন।
স্বাদ বাড়াতে কয়েকটি টিপস
হট চকলেটের স্বাদ অনেকটাই নির্ভর করে চকলেটের মানের ওপর। তাই শুধু কোকো পাউডারের বদলে ভালো মানের ডার্ক বা সেমি-সুইট চকলেট ব্যবহার করুন। মিষ্টি স্বাদ পছন্দ হলে মিল্ক চকলেট কিংবা বাড়তি চিনি দিতে পারেন। আরও তীব্র চকলেটের স্বাদ পেতে ডার্ক চকলেটের পরিমাণ বাড়ানো যায়।
নতুন স্বাদ চাইলে সামান্য দারুচিনি, অল্প এসপ্রেসো কিংবা এক চিমটি মরিচের গুঁড়াও যোগ করতে পারেন। নিজের পছন্দমতো উপকরণ ও ঘনত্ব ঠিক করে শীতের সন্ধ্যায় উপভোগ করুন ঘরে তৈরি ক্যাফে স্টাইল হট চকলেট।