হঠাৎ নাক দিয়ে রক্ত পড়লে কী করবেন
ফাইল ছবি
অনেকের ধারণা, শরীর গরম হলে নাক দিয়ে রক্ত পড়ে। এ কারণে শীতকালেও অনেকে ঠাণ্ডা পানিতে গোসল করেন। চিকিৎসকদের মতে, এ ধারণার কোনো ভিত্তি নেই। পাশাপাশি রক্ত পড়লে মাথা পিছনের দিকে হেলিয়ে দেওয়া সবচেয়ে সাধারণ ও বড় ভুল।
এতে রক্ত বন্ধ হয় না; উল্টে রক্ত গলা দিয়ে পেটে নেমে যায়। ফলে বমি বমি ভাব, বমি এমনকি শ্বাসনালিতে রক্ত চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
চিকিৎসকরা জানান, রক্তপাত শুরু হলে সামনের দিকে সামান্য ঝুঁকে বসতে হবে এবং মুখ দিয়ে শ্বাস নিতে হবে, যাতে রক্ত বাইরে বেরিয়ে আসে। এরপর নাকের শক্ত হাড়ের ঠিক নিচে নরম মাংসল অংশ বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে চেপে ধরে টানা ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে।
রক্ত থেমেছে কি না তা দেখতে বারবার ছাড়লে জমাট বাঁধা রক্তের দলা ভেঙে গিয়ে আবার রক্ত বেরোতে পারে।
শুষ্ক আবহাওয়া, নাকে আঘাত লাগা, জোরে নাক ঝাড়া, নাক খোঁটা এবং সর্দি-সংক্রমণ নাক দিয়ে রক্ত পড়ার সাধারণ কারণ। বিশেষ করে শীতকালে শুষ্ক হাওয়ায় নাকের ভেতরের পাতলা চামড়া ফেটে গিয়ে রক্তপাত হওয়া খুবই সাধারণ ঘটনা। বয়স্কদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপও একটি কারণ হতে পারে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ২০ থেকে ৩০ মিনিট চেপে ধরার পরও রক্ত না থামলে, খুব বেশি পরিমাণে রক্ত পড়লে, মাথা ঘোরা বা দুর্বল লাগলে, নাকে গুরুতর আঘাত লাগলে কিংবা সপ্তাহে বারবার নাক দিয়ে রক্ত পড়লে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
এসব ক্ষেত্রে চিকিৎসকরা ন্যাজ়াল প্যাকিং করতে পারেন বা রক্তের শিরা বন্ধ করার জন্য কটারাইজেশন পদ্ধতি ব্যবহার করেন।