বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ব্লু পেপার প্রকাশ
ফাইল ছবি
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের অংশগ্রহণের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতার অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে ব্লু পেপার প্রকাশ করা হয়েছে। যেখানে গত এক দশকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতের সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশনাটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে ঢাকায় চীনা দূতাবাস।
অনুষ্ঠানে চীনা দূতাবাসের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, গবেষক ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। বিসিসিসিআইয়ের সভাপতি, সহসভাপতি, পরিচালক ও সদস্যদের সমন্বয়ে একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল।
সিইএবির সভাপতি হান কুন অবকাঠামো, জ্বালানি, যোগাযোগ, প্রযুক্তি, শিক্ষা ও শিল্প উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সহযোগিতার অগ্রগতি তুলে ধরেন। দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক জোরদারে বিসিসিসিআইয়ের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
অন্যদিকে বিসিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, চীনা বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, ম্যান-মেড ফাইবার, মূলধনী যন্ত্রপাতি, কারিগরি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ওষুধশিল্প, আবাসন ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজারে আরও বেশি প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ করতে পারলে দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমতে পারে।
অনুষ্ঠানে ব্লু পেপারটি উপস্থাপন করেন ড. ইমতিয়াজ আহমেদ। প্রকাশনায় ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশের বিআরআইতে যুক্ত হওয়ার পর গত এক দশকে বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।
এতে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে।
ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়েইন বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে চীনের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।