“ড. ইউনূসের মালয়েশিয়া সফরকে ‘পালালেন’ বলে আওয়ামী লীগের অপপ্রচার”

“ড. ইউনূসের মালয়েশিয়া সফরকে ‘পালালেন’ বলে আওয়ামী লীগের অপপ্রচার”

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তনে যোগ দিতে ২৩ নভেম্বর দেশটিতে গেছেন।

এদিকে, তার এই সফরকে চার্টার্ড বিমানে ‘দেশ ছেড়ে পালানো’ বলে প্রচার করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে।

যাচাইয়ে দেখা যায়, ড. ইউনূস বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে সমাবর্তনে যোগ দিয়েছেন। তার ফেসবুক পেজেও অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি ও তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে ইউনূস সেন্টার জানিয়েছে, ড. ইউনূসকে বহনকারী বিমানটি পাঠিয়েছেন মালয়েশিয়ার ধনকুবের সৈয়দ মোখতার আলবুখারি। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ড. ইউনূসের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

২০২০ সাল থেকে আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন ড. ইউনূস।

ড. ইউনূসকে নিতে বিমান পাঠানো ধনকুবের কে?

আলবুখারি মালয়েশিয়ার অন্যতম শীর্ষ ধনী। দেশটির বন্দর ব্যবস্থাপনা, গাড়ি নির্মাণ, অবকাঠামো ও ব্যাংকিং খাতে তার বিনিয়োগ রয়েছে।

মার্কিন সাময়িকী ফোর্বসের ২০২৬ সালের মালয়েশিয়ার শীর্ষ ৫০ ধনীর তালিকায় আলবুখারির অবস্থান দশম। সেখানে তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে প্রায় ৩৫০ কোটি মার্কিন ডলার।

তার প্রতিষ্ঠিত আলবুখারি ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয় আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল প্রোফাইলে মুহাম্মদ ইউনূসকে প্রতিষ্ঠানটির প্রথম চ্যান্সেলর হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৬ মার্চ প্রথম সমাবর্তনে প্রতিষ্ঠাতা আলবুখারি ও চ্যান্সেলর ইউনূস দুজনই উপস্থিত ছিলেন। ২০২৩ সালের তৃতীয় সমাবর্তনেও অংশ নিয়েছিলেন ড. ইউনূস।

ড. ইউনূসের চ্যান্সেলর হিসেবে নিয়োগের বিষয়টি ২০২০ সালের ২ সেপ্টেম্বর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সে সময় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়, সামাজিক ব্যবসার ধারণা ও এ ক্ষেত্রে ইউনূসের অবদানের কারণেই তাকে প্রথম চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থাৎ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার চার বছর আগেই আলবুখারির প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হন ইউনূস।

ফলে বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে যোগ দিতে ইউনূসের মালয়েশিয়া সফর নতুন কোনো ঘটনা নয়।

ড. ইউনূস মালয়েশিয়ায় গেছেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে

আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশিত সপ্তম সমাবর্তনের কর্মসূচি অনুযায়ী, ২৩ নভেম্বর সোমবার মালয়েশিয়ার আলোর সেতারে বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনের আয়োজন করা হয়।

সোমবার ড. ইউনূসের ফেসবুক পেজেও সমাবর্তনে অংশগ্রহণের ছবি ও তথ্য প্রকাশ করা হয়েছে।

পোস্টে জানানো হয়, বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে ইউনূস ২০২৬ সালের স্নাতকদের ডিগ্রি ও বিশেষ পুরস্কার প্রদান করেছেন।

এ বিষয়ে ইউনূস সেন্টারের সঙ্গে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দ্য ডিসেন্টকে জানানো হয়, ড. ইউনূস সমাবর্তনে যোগ দিতেই মালয়েশিয়ায় গেছেন। তিনি যে বিমানে সফর করেছেন, সেটি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সৈয়দ মোখতার আলবুখারি।

অর্থাৎ, চার্টার্ড বিমানে ইউনূসের মালয়েশিয়া যাত্রার তথ্য সত্য হলেও তা দেশ ছেড়ে পালানোর ঘটনা নয়। তার সফরের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেওয়া।

চার্টার্ড বিমানে পালানোর দাবি ছড়াচ্ছে আওয়ামীপন্থীরা

প্রোপাগান্ডা ওয়েবসাইট উইকলি ব্লিটজ-এর সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী ২২ নভেম্বর একটি ফেসবুক পোস্টে লিখেছেন, “পুরো গ্যাংসহ চার্টার্ড বিমানে ফ্যাসিষ্ট ইউনুস আগামীকাল সকাল সাতটায় পালাচ্ছে।”

একই দাবি প্রচার করেছে ‘বংশাল থানা আওয়ামী লীগ ও যুবলীগ ৩৩ নম্বর ওয়ার্ড’ নামের একটি ফেসবুক পেজ।

পেজটির পোস্টে লেখা হয়েছে, “পুরো দলবল নিয়ে ২৩ নভেম্বর সকাল ৭টায় চার্টার্ড বিমানে দেশ ছাড়ছেন সুদী ইউনূস—এমন দাবি সামনে এসেছে।”

পোস্টে আরও বলা হয়, “কোনো অদৃশ্য শক্তির কাছে পরাজিত হয়ে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে দেশ ছাড়ার পথ বেছে নিচ্ছেন সুদী ইউনূস।”

পোস্টটির শেষে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘ডিসেম্বরে নেত্রী আসবেনই’ লেখা হয়েছে।

রাহুল হক নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, “পুরো গ্যাংসহ চার্টার্ড বিমানে ফ্যাসিষ্ট ইউনুস আগামীকাল সকাল ৭: টায় পালাচ্ছে ফ্রান্সে। পাখি উড়াল দিছে রে.. আরো বর্তমান জুলুম কারী পাখি উড়াল দিবে অতি দ্রুত।”

অন্যদিকে ‘Abar71 / আবার৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে লেখা হয়, ইউনূস পুরো দলবলসহ ২৪ নভেম্বর সকাল সাতটায় চার্টার্ড বিমানে দেশ ছাড়তে পারেন।

আরিফুর রহমান সিদ্দিকী নামের একটি অ্যাকাউন্ট থেকেও পোস্ট করে দাবি করা হয়, “পুরো গ্যাংসহ চার্টার্ড বিমানে বিশ্ব বাটপার আজ ২৩ নভেম্বর সকাল ৭টায় দেশ ছেড়ে পালাচ্ছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে!”

এসব পোস্টে ড. ইউনূসের কথিত পালিয়ে যাওয়ার সময় ও গন্তব্য নিয়েও পরস্পরবিরোধী তথ্য দেওয়া হয়েছে। কোথাও ২৩ নভেম্বর, কোথাও ২৪ নভেম্বর এবং একটি পোস্টে ফ্রান্সে পালানোর দাবি করা হয়েছে।

‘ইউনূস পালিয়েছেন’ গুজব ছড়ানো হয়েছে আগেও

ড. ইউনূসের দেশ ছেড়ে পালানোর দাবি এবারই প্রথম নয়। এর আগে ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ইউনূস বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে পালিয়েছেন বলে খবর প্রকাশ করে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা।

ওই সময় দাবি করা হয়, ৬ নভেম্বর সকালে ইউনূস ফ্রান্সে চলে গেছেন। তবে ৭ নভেম্বর প্রকাশিত রিউমার স্ক্যানারেরপ্রতিবেদনে দাবিটি মিথ্যা বলে উল্লেখ করা হয়।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরও ড, ইউনূস গোপনে দেশ ছেড়েছেন দাবি করে বিমানে তার একটি ছবি প্রচার করা হয়।

২৩ ফেব্রুয়ারি প্রকাশিত বুমের প্রতিবেদনে দেখা যায়, ছবিটি ২০২৪ সালের আগস্টে ইউনূসের বাংলাদেশে ফেরার সময়কার।

এবার মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার সফরকেও একইভাবে দেশ ছেড়ে পালানোর ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।

ইউনূসকে বিমান পাঠানো মালয়েশীয় ধনকুবের সৈয়দ মোখতার আলবুখারি গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেছিলেন।

২২ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে তাঁদের এই সাক্ষাৎ হয়।

বাসসের ২২ জুনের প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ার বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমএমসি পোর্টসের চেয়ারম্যান হিসেবে আলবুখারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পকারখানা প্রতিষ্ঠার বিষয়েও এমএমসির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়।

সূত্র: দ্য ডিসেন্ট।