ঐক্য ধরে রাখতে জামায়াত ও এনসিপির সমালোচনায় বিএনপির ‘বারণ’

ঐক্য ধরে রাখতে জামায়াত ও এনসিপির সমালোচনায় বিএনপির ‘বারণ’

ছবিঃ সংগৃহীত।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বৃহত্তর জাতীয় ঐক্য অটুট রাখার স্বার্থে জামায়াতে ইসলামী এবং এনসিপির বিরুদ্ধে সভা-সমাবেশ, টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের সমালোচনা না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপির নীতিনির্ধারকদের পক্ষ থেকে দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি এমন সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর। বাদ যায়নি থানা, হাসপাতাল, ব্যাংক কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানও। এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের ৩ নেতা এবং ১ জন বাস হেলপার।

গত ১৩ নভেম্বর থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের এমন সহিংসতা শুরু হয়। এর পর থেকেই জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করে ক্ষমতাসীন দল বিএনপি। আর এই ঐক্যের স্বার্থেই জামায়াত-এনসিপির বিরুদ্ধে সভা-সমাবেশ বা টকশোতে সমালোচনা না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতারা।

বিএনপির নেতারা জানান, সরকারি দল ও বিরোধী দলের মধ্যে দলের মধ্যে মতভিন্নতা বা ভিন্নমত থাকবে, এটিই স্বাভাবিক। কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে, আধিপত্যবাদের প্রশ্নে আমাদের এই ঐক্য ছিল, আছে এবং থাকবে। এখন তাদের মূল বিষয় হচ্ছে এই ফ্যাসিবাদকে রুখে দেওয়া। সেই লক্ষ্যেই ঐক্যের জন্য কাজ করে যাচ্ছে বিএনপি।

সূত্র জানায়, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের ভেতরে ও বাইরে নানা ধরনের মতবিরোধ এবং পাল্টাপাল্টি বক্তব্য দিলেও সাম্প্রতিক সময়ে এমন নীতি থেকে সরে এসেছে বিএনপি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে মতবিরোধের কারণে যাতে ঐক্যের পরিবেশ যাতে নষ্ট না হয় নে কারনেই এমন নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে রাজপথের আন্দোলনের অংশীদার দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও সুসংহত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় বলা হয়েছে, বর্তমান ক্রান্তিকালে অভ্যন্তরীণ বিভেদ বা একে অপরের সমালোচনা করলে তা বিরোধী পক্ষকে সুবিধা করে দেবে। তাই জাতীয় ঐক্যের সংলাপ ও সমঝোতার প্রক্রিয়াকে এগিয়ে নিতে এ ধরনের সংযত আচরণ অত্যন্ত জরুরি।

এদিকে গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার সংসদ ভবনের কার্যালয়ে চা চক্রে অংশ নেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন জামায়াত আমির। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা ও নাশকতা মোকাবিলা, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, জামায়াত আমির জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সংলাপ আয়োজনের পরামর্শ দেন শফিকুর রহমান। পরে ১৮ নভেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এনপিবি নিউজকে বলেন, সবাইকে নিয়ে আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি, সেই ফ্যাসিবাদী শক্তি আবার তাদের প্রভুদের মদদে দেশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং যে ধরনের অসভ্যতা, সন্ত্রাস, নৈরাজ্য চালিয়ে জনজীবনে অশান্তি এবং দেশে একটা অন্ধকারপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। এরকম পরিস্থিতিতে গণঅভ্যুত্থানে যে জনগণের প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী, সংসদ নেতা তারেক রহমান, তিনি জাতীয় সংসদে ওপেন আহ্বান জানিয়েছেন এবং তিনি এই লক্ষ্যে সবার সহযোগিতা চেয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের যে বিভাজিত রাজনীতি, সেই বিভাজিত রাজনীতির বাইরে এসে আমরা এখন ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য, ঐক্যকে জোরদার করার চেষ্টা করছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

এমরান সালেহ প্রিন্স বলেন, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলের মধ্যে মতভিন্নতা বা ভিন্নমত থাকবে, এটিই স্বাভাবিক। কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে, আধিপত্যবাদের প্রশ্নে আমাদের এই ঐক্য ছিল, আছে এবং থাকবে। এখন আমাদের মূল বিষয় হচ্ছে এই ফ্যাসিবাদকে রুখে দেওয়া। সেই লক্ষ্যে এখন ঐক্যের জন্য আমরা কাজ করছি। নীতি নির্ধারণী পর্যায় থেকে যারা আমরা টকশোতে যাই, আমাদেরকে এ ধরনের কোনো মেসেজ দেওয়া হয়নি। কিন্তু রাজনীতির যে গতি-প্রকৃতি এবং আমরা লক্ষ্য করছি এবং যে ধরনের বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন সেই অনুযায়ী কাজ করছি।

বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এনপিবি নিউজকে বলেন, ‘উন্নয়নের ক্ষেত্রে গণতন্ত্র প্রশ্নে সার্বিক কল্যাণের প্রশ্নে সবাই কিন্তু আমরা এক এবং অভিন্ন। কেউ কখনো যার যার মতো করে মত প্রকাশ করে; এটাকে আপনারা কেউ বিভেদ বলবেন আবার কেউবা অনৈক্য বলবেন; কিন্তু আমরা এইটুকু বলতে চাই এই সার্বিক প্রশ্নে আমরা সব সময় এক এবং অভিন্ন ছিলাম। সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিরোধিতা না থাকলে গণতন্ত্র সৌন্দর্য হয় না। এখন যে জায়গায় আপনারা অনৈক্য দেখছেন ওটা আসলে তা না। আমাদের প্রধানমন্ত্রী সবসময় ঐক্যবদ্ধ সরকারের একটা ডাক দিয়ে রেখেছেন’।

কামরুজ্জামান রতন বলেন, যারা ন্যায়ের পথে থাকবে, শান্তির পক্ষে থাকবে তাদের সাথে সবসময় ঐক্য ছিল, এখনও আছে ভবিষ্যতেও থাকবে; আর যারা অশান্তি গণতন্ত্রের বিপক্ষে তাদের সাথে কখনো ঐক্য ছিল না ভবিষ্যতেও থাকবে না। যেহেতু প্রধানমন্ত্রী সব বিরোধী দলের সাথে বসছেন। এটা তো অবশ্যই একটা ঐক্যকে আরও সুদৃঢ় ইস্পাত কঠিন করার জন্য আমাদের এই পদক্ষেপ।