মহাকাশে সুইয়ের চারপাশে ঘুরছে পানির ফোঁটা, ভিডিও প্রকাশ নভোচারীর
সংগৃহীত ছবি
মহাকাশে বুননের একটি সুইয়ের চারপাশে পানির ফোঁটা ঘোরার ব্যতিক্রমী ভিডিও প্রকাশ করেছেন নভোচারী ডন পেটিট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, মাধ্যাকর্ষণশক্তি প্রায় শূন্য থাকা পরিবেশে বৈদ্যুতিক বলের প্রভাবে পানির ফোঁটাগুলো সুইটিকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘুরছে।
ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি পানির ফোঁটা নিচে পড়ে না গিয়ে একটি টেফলন বুননের সুইয়ের চারপাশে ঘুরছে। ওপর থেকে ধারণ করা এই দৃশ্যে ফোঁটাগুলোর সুইটিকে প্রদক্ষিণ করার পথ স্পষ্টভাবে বোঝা যায়। ভিডিওর ক্যাপশনে ডন পেটিট লেখেন, চার্জযুক্ত পানির ফোঁটা আমার টেফলন বুননের সুইয়ের চারপাশে ঘুরছে! মাইক্রোগ্র্যাভিটিতে স্থিরবৈদ্যুতিক বলের কারণে এই আধা-স্থিতিশীল কক্ষপথের গতি তৈরি হয়েছে, যা এখানে ওপর থেকে দেখানো হয়েছে।
এই ঘটনার পেছনের বিজ্ঞান ব্যাখ্যা করে পেটিট জানান, পানির ফোঁটাগুলো বৈদ্যুতিকভাবে চার্জযুক্ত ছিল। মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে স্থিরবৈদ্যুতিক বলের প্রভাবে এগুলো একটি আধা-স্থিতিশীল কক্ষপথে ঘুরতে পারে। পানির ফোঁটার এই আচরণ পৃথিবীর স্বাভাবিক দৃশ্যের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। পৃথিবীতে মাধ্যাকর্ষণশক্তির প্রভাবে পানির ফোঁটার গতিবিধি নিয়ন্ত্রিত হয় এবং তা নিচে পড়ে যায়। কিন্তু মহাকাশের ভিডিওটিতে ফোঁটাগুলো সুইয়ের চারপাশে ক্রমাগত ঘুরতে দেখা যায়, যা এক ব্যতিক্রমী কক্ষপথের নকশা তৈরি করেছে।