এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র

এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

চিপ নির্মাতা এনভিডিয়াকে ঘিরে চলা গুপ্তচরবৃত্তির তদন্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সিঙ্গাপুরভিত্তিক চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে বাণিজ্যিক কালো তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার প্রতিষ্ঠানটিকে এই তালিকায় যুক্ত করার কথা রয়েছে বলে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। এই তালিকায় থাকা কোনো প্রতিষ্ঠানে মার্কিন কোম্পানিগুলো অনুমতিপত্র ছাড়া পণ্য, সফটওয়্যার ও প্রযুক্তি পাঠাতে পারে না; আর সেই অনুমতিপত্র নাকচ হওয়ার সম্ভাবনাই বেশি।

এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী ও মেগাস্পিডের নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার অ্যালিস হুয়াংয়ের সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটিকে কালো তালিকায় যুক্ত করার এই সম্ভাব্য পদক্ষেপ সামনে এল। অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে বলে খবর এসেছে।

গত মাসে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে অ্যালিস হুয়াং চীনের গোয়েন্দা সংস্থার একজন সূত্র হিসেবে কাজ করতেন এবং এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সময় বেইজিংয়ে তথ্য সরবরাহ করতেন। তবে রয়টার্স স্বাধীনভাবে এই গোয়েন্দা অভিযোগ যাচাই করতে পারেনি। অন্যদিকে চীন বলেছে, গুপ্তচরবৃত্তির এসব অভিযোগ ‘ভিত্তিহীন’।

এনভিডিয়া তাদের তালিকায় মেগাস্পিডকে আনুষ্ঠানিক ক্লাউড অংশীদার হিসেবে উল্লেখ করেছে। ২০২৫ সালের অক্টোবরে মেগাস্পিড জনসমক্ষে আলোচনায় আসে। ওই সময় নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ওয়াশিংটনের রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় থাকা এনভিডিয়ার উন্নত চিপ চীনা গ্রাহকদের পেতে মেগাস্পিড সহায়তা করছিল কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্র তদন্ত করছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে এই তালিকায় কোনো নতুন প্রতিষ্ঠান যুক্ত করেছিল। জুনে রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছিল, বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এড়াতে ট্রাম্প প্রশাসন চেষ্টা করায় চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক, মেমোরি চিপ নির্মাতা সিএক্সএমটি এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে চিহ্নিত আরও শতাধিক প্রতিষ্ঠানকে বাণিজ্যিক কালো তালিকায় যুক্ত করা স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র।