চূড়ান্ত ভর্তি শেষে ইবিতে আসন ফাঁকা ১০৩টি

চূড়ান্ত ভর্তি শেষে ইবিতে আসন ফাঁকা ১০৩টি

ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্তমানে ১০৩টি আসন ফাঁকা রয়েছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা থেকে এ তথ্য জানা যায়।

একাডেমিক শাখার সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৮টি অনুষদের অধীন ৩৬টি বিভাগে মোট আসনসংখ্যা ছিল ২ হাজার ৩৭০। এর মধ্যে ২ হাজার ২৬৭ জন শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন। ফাঁকা আসনের মধ্যে ‘এ’ ইউনিট (বিজ্ঞান বিভাগ) ২৫টি, ‘বি’ ইউনিট (মানবিক বিভাগ) ৪৫টি এবং ‘সি’ ইউনিট (বানিজ্য বিভাগ) ৩৩টি রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটে কোনো আসন ফাঁকা নেই।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম জানান, ‘ফাঁকা আসনের বিষয়ে পরবর্তীতে গুচ্ছ কমিটি যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী আসন পূরণ করা হবে। তবে আগামীকাল আমাদের একটি মিটিং রয়েছে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২রা নভেম্বর।