টুঙ্গিপাড়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার
ফাইল ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতাত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার রাতে র্যাব-৬, র্যাব-১১ ও টুঙ্গিপাড়া থানা পুলিশ নারায়ণগঞ্জের ফাতুল্লা থানার হাবিবুল্লাহ ব্রীজ সংলগ্ন এনায়েত নগরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নজরুল ওস্তা (৪০) টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ওস্তার ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ তথ্য তথ্য জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব।
টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের প্রতিবেশী কাদের ও আলাউদ্দিন ওস্তার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে হত্যাকান্ডের শিকার নাহিদা বেগমের (৫০) স্বামী শরিফুল ওস্তার বিরোধ চলে আসছিলো। ৮ মাস আগে উচ্চ আদালত শরিফুল ওস্তার পক্ষে রায় দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। তবুও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে জমি দখলে রাখে। গত ১ ফেব্রুয়ারি ওই জমিতে বেড়া দিতে গিয়েছিল শরিফুল ওস্তার ছেলে মহিবুল্লাহ ওস্তা। তখন মৃত আলাউদ্দিন ওস্তার ছেলে নজরুল ওস্তার নেতৃত্বে কাদের ওস্তার ছেলেরা হাতুড়ি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় মহিবুল্লাহর উপর। পরে মা নাহিদা বেগম ছেলেকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তখন স্থানীয়রা উদ্ধার করে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি ওই নারীর ছেলে মহিবুল্লাহ ওস্তা টুঙ্গিপাড়া থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এতে নজরুল ওস্তাকে প্রধান আসামি করা হয়। পরে শুক্রবার রাতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে র্যাব-৬, র্যাব-১১ ও টুঙ্গিপাড়া থানা পুলিশ। অভিযানিক দলটি যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নজরুলকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।