গাইবান্ধায় জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ৬

গাইবান্ধায় জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ৬

প্রতিকি ছবি

 

গাইবান্ধার সাঘাটায় রাতের আঁধারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ওই এলাকার মৃত তৈয়বর রহমানের ছেলে আছির উদ্দিন (৫৭), মৃত তোফাজ্জল হোসেনের ছেলে শাহ আলম (৪৭), জহুরুল ইসলামের ছেলে রব্বানী মিয়া (৩৫), মৃত ছপ্পের আলীর ছেলে শহিদুল ইসলাম (৫৫) ও হারুন মিয়া (৪৫) এবং মৃত তফিজ উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন (৫২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের শহিদুল ইসলামের বসতঘরে অভিযান চালায় সাঘাটা থানা পুলিশ। এ সময় ওই ঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ঘটনাস্থল থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।