পরকীয়ার অপবাদে কিশোরীকে হেনস্তা ও নির্যাতন, ভিডিও ভাইরাল

পরকীয়ার অপবাদে কিশোরীকে হেনস্তা ও নির্যাতন, ভিডিও ভাইরাল

প্রতিকি ছবি

প্রতিবেশী এক তরুণের সঙ্গে অনৈতিক সম্পর্কের অপবাদে এক কিশোরীকে নিয়ে যাওয়া হয় প্রতিবেশীর বাড়িতে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। একপর্যায়ে ছিঁড়ে ফেলা হয় তার পরনের পোশাক। হাত-পা ধরে আকুতি জানালেও থামেনি নির্যাতন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত রবিবার (২৩ নভেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বড়গাছা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার কিশোরী স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। 

পরিবারের অভিযোগ, প্রতিবেশী আব্দুল বাকীর ছেলে আসিফের সঙ্গে অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে আসিফের মা ও স্ত্রী তাকে মারধর করেছেন।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় কিশোরী তার ভাবির সঙ্গে বাড়ির সামনে বসে গল্প করছিলেন। এ সময় আসিফের মা ও স্ত্রী সেখানে গিয়ে গালিগালাজ করেন এবং পরকীয়ার অভিযোগ তোলেন। এর প্রতিবাদ করলে তাকে টেনেহিঁচড়ে নিজেদের বাড়িতে নিয়ে মারধর ও হেনস্তা করা হয়। 

ভুক্তভোগী কিশোরী বলেন, আমাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই। আমি অনেক অনুরোধ করেছি, তাদের হাত-পা ধরেছি। তারপরও তারা আমাকে ছাড়েননি। আমাকে মারধর করেছেন। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মিথ্যা অপবাদ দিয়ে আমার ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

কিশোরীর মা ও ভাবির অভিযোগ, আসিফ বিবাহিত এবং তার সন্তান রয়েছে। তিনি কিশোরীকে ভাতিজি বলে ডাকেন। তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই। অথচ কোনো কারণ ছাড়াই তাদের মেয়েকে বাড়িতে তুলে নিয়ে বিবস্ত্র করে মারধর করা হয়েছে।

কিশোরীর বাবা বলেন, আমার মেয়েটাকে মাটিতে ফেলে মারধর করেছে। তখন মেয়েটা তাদের পায়ে ধরেছিল, তারপরও ছাড়েনি।

অভিযোগের বিষয়ে আসিফ বলেন, মেয়েটির সঙ্গে আমি কোনো দিন ফোনেও কথা বলিনি। কেউ প্রমাণ দিতে পারবে না। আমি অনলাইন জুয়া খেলে অনেক টাকা নষ্ট করেছি। পরিবারের খরচও ঠিকমতো দিতে পারি না। তাই হয়তো আমার পরিবারের লোকজন তাকে আমার সঙ্গে সম্পর্কের বিষয়ে সন্দেহ করে মারধর করেছে। আমি ওই মেয়েকে কখনোই খারাপ চোখে দেখিনি। সে আমার ভাতিজির মতো।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাইজুল্লাহ বিপু বলেন, রাতে কিশোরী হাসপাতালে ভর্তি হন। তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে। তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, নির্যাতনের ভিডিও আমার নজরে এসেছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।