নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে ৪ উপকার

নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে ৪ উপকার

ফাইল ছবি

দিনের ব্যস্ততা, কর্মক্ষেত্রের চাপ ও নানা পারিবারিক দায়িত্বের কারণে অনেক সময় একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত করা সম্ভব হয় না। রাতের শেষ ভাগে চারপাশের কোলাহল থেমে যায়, মানুষ ঘুমে মগ্ন থাকে। এ সময় ঘুম থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়ানো, তার কাছে ক্ষমা চাওয়া এবং নিজের প্রয়োজনের কথা তুলে ধরা মুমিনের জন্য ইবাদতের অনন্য সুযোগ তৈরি করে।

মুমিনদের জন্য তাহাজ্জুদ আদায়ের মোক্ষম সময় রাতের এই নির্জন প্রহর। তাহাজজ্জুদ শুধু নফল নামাজ নয়; বরং আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য অর্জন এবং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত অনুসরণের অন্যতম মাধ্যম। নিয়মিত তাহাজ্জুদ আদায়ে রয়েছে কয়েকটি বিশেষ উপকার।

১. অলসতা দূর হয়

গভীর রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন দৃঢ় ইচ্ছাশক্তি, আত্মনিয়ন্ত্রণ ও নিয়মিত অভ্যাস। যে ব্যক্তি ঘুমের আরাম ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়ান, তার মধ্যে ধীরে ধীরে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার অভ্যাস গড়ে ওঠে। রাতের ইবাদত মানুষের আত্মিক দুর্বলতা কাটিয়ে ওঠার পাশাপাশি দিনের কাজেও উদ্যমী হতে সহায়তা করে।

২. আল্লাহর প্রিয় হওয়ার সহজ মাধ্যম

আল্লাহর ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম হলো নফল ইবাদত। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, একপর্যায়ে আমি তাকে ভালোবাসি। (সহিহ বুখারি)

তাহাজ্জুদ যেহেতু গুরুত্বপূর্ণ নফল ইবাদত, তাই নিয়মিত তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে আল্লাহর ভালোবাসা ও নৈকট্য অর্জন সহজ। তবে নফল ইবাদতের আগে ফরজ ইবাদত যথাযথভাবে আদায় করা জরুরি।

৩. হাদিসে বর্ণিত সুসংবাদ লাভের উপায়

রাতের শেষ তৃতীয়াংশ দোয়া ও ইস্তিগফারের বিশেষ সময়। সহিহ হাদিসে এসেছে, এ সময় আল্লাহ তায়ালা বান্দাদের আহ্বান করে বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব? কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

তাই তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করা এবং বিপদ থেকে মুক্তির প্রার্থনা করা উচিত।

৪. নবীজির সুন্নত অনুসরণের সওয়াব

রাসুলুল্লাহ (সা.) নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। হজরত মুগিরা ইবনে শুবা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) এত দীর্ঘ সময় রাতের নামাজে দাঁড়িয়ে থাকতেন যে তার দুই পা ফুলে যেত। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? (সহিহ বুখারি)

তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.)-এর গুরুত্বপূর্ণ একটি সুন্নতের অনুসরণ করা হয়।