জ্বালানি সংকটে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার ব্যয়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার ব্যয়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত।

আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সরবরাহে অস্থিরতার কারণে বাংলাদেশকে জ্বালানি খাতে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার চলতি অর্থবছরে ৩০টি গ্যাসকূপ খনন এবং আগামী এক বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের সরকারি সেবা পেতে হয়রানি কমাতে নয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম অটোমেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০ সূচক’-এর প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। জ্বালানি খাতেই অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। এতে সরকারের ওপর আর্থিক চাপ বেড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের ঘাটতি শিল্পকারখানার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও দেশের নিজস্ব গ্যাস অনুসন্ধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা বাড়াতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন। এর মধ্যে আগামী এক বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। এ বিষয়ে সংসদে বিশেষ আইন পাস হয়েছে এবং এর আওতায় বিভিন্ন স্থানে কার্যক্রম শুরু হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণ ও সরবরাহে ব্যাটারি ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া চলতি অর্থবছরে ৩০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে পাঁচটি কূপ খননের অনুমোদন পাওয়া গেছে। বাকি কূপগুলোর জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরির কাজ চলছে। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে অধিকাংশ প্রকল্পের বাস্তবায়নকাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সক্ষমতা বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, নতুন রিগ কেনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে একটি রিগ কিনতে প্রায় তিন বছর সময় লাগে। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে গভীর গ্যাস অনুসন্ধানের পরিকল্পনাও রয়েছে।

দেশের স্থলভাগের পাশাপাশি সমুদ্রেও গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য উৎপাদন অংশীদারত্ব চুক্তির খসড়া তৈরি হয়েছে। এ ছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সক্ষমতা বাড়াতে আরও তিনটি ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশে এ ধরনের দুটি ইউনিট রয়েছে।

তিনি আরও বলেন, ভোলা থেকে উৎপাদিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পাইপলাইন নির্মাণের প্রকল্প তৈরি করা হচ্ছে। খুলনা থেকে বরিশাল এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এ বছর এসব প্রকল্প অনুমোদনের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

ব্যবসায়ীদের হয়রানি কমাতে ৯ প্রতিষ্ঠানে অটোমেশন

ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করা এবং সরকারি সেবা পেতে হয়রানি কমাতে নয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম অটোমেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো এবং সরকারি সেবা সহজ করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এ জন্য সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এর আওতায় ব্যবসায়িক লাইসেন্স ও বিভিন্ন অনুমোদন নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নির্ধারিত সময়ে কোনো প্রতিষ্ঠান সেবা দিতে ব্যর্থ হলে তা পর্যালোচনায় টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শুধু সময়সীমা নির্ধারণ করলেই সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও কার্যক্রমের সমন্বয় প্রয়োজন।

প্রতিমন্ত্রী জানান, পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সরকারি ক্রয়সংক্রান্ত কর্তৃপক্ষ, হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষকের কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ বিভাগসহ নয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ব্যবস্থার মধ্যে সমন্বয় তৈরি করা হবে। প্রকল্পগুলোর সংশোধিত কারিগরি উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরির কাজ চলছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হতে পারে। প্রায় ১৮ মাসের মধ্যে অটোমেশন কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে।

অতীতে অটোমেশনের নামে বড় অঙ্কের বিনিয়োগ হলেও অনেক ক্ষেত্রে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, এবার দেশের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করতে বিশেষজ্ঞদের যুক্ত করা হচ্ছে। প্রতিটি খাতের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়ে কারিগরি কমিটিও গঠন করা হয়েছে।

আর্থিক প্যাকেজের কার্যকারিতা পর্যালোচনা করবে সরকার

ব্যবসায়ীদের জন্য ঘোষিত আর্থিক প্যাকেজ ও ব্যাংকিং সুবিধার কার্যকারিতা পর্যালোচনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ব্যাংকিং খাতে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যাংকগুলোকে রাজনৈতিক নিয়ন্ত্রণমুক্ত রেখে পেশাদারত্বের ভিত্তিতে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প ও বেসরকারি খাতকে সহায়তা দিতে বিভিন্ন প্রণোদনা ও আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে এসব উদ্যোগ থেকে ব্যবসায়ীরা বাস্তবে কতটা সুবিধা পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

শুধু নীতি ঘোষণা বা আর্থিক প্যাকেজ চালু করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীরা বাস্তবে কী ধরনের সমস্যায় পড়ছেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে সহায়তা করছে এবং ঘোষিত সুবিধা পেতে কোথায় বাধার মুখে পড়তে হচ্ছে, তা জানতে হবে। এ জন্য বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে।

সরকার, ব্যবসা ও গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ে গুরুত্ব

নীতিনির্ধারণ ও বাস্তবায়নে সরকার, ব্যবসায়ী এবং শিক্ষাবিদদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার একা সবকিছু জানে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। একইভাবে বেসরকারি খাত ও শিক্ষাবিদদেরও শুধু দূর থেকে সমালোচনা না করে নীতিনির্ধারণে যুক্ত হতে হবে।

বিআইডিএস ও বিসিআইয়ের যৌথ উদ্যোগে শিল্পকারখানার পরিস্থিতি মূল্যায়নে এ সূচক চালু হওয়া সরকার, ব্যবসা ও গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ের একটি উদাহরণ। এর সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে যুক্ত করা গেলে নমুনার আকার বাড়ানো এবং নিয়মিত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।

শিল্পখাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জরিপে ২০২৫ সালের তুলনায় কয়েকটি সূচকে অবনতি দেখা গেছে। তবে উদ্যোক্তারা আগামী সময়ে পরিস্থিতির উন্নতির আশা করছেন। তাঁদের এই প্রত্যাশা বাস্তবায়নে বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণের পরিবেশ তৈরি করা জরুরি।

সরকার বিনিয়োগনির্ভর ও কর্মসংস্থানমুখী উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে চায় জানিয়ে তিনি বলেন, এ জন্য ব্যাংকিং খাতে শৃঙ্খলা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং ব্যবসায়িক হয়রানি কমানোর বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক।