শেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা ‘ব্লাফ’: শফিকুল আলম

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা ‘ব্লাফ’: শফিকুল আলম

ছবিঃ সংগৃহীত।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, বিজয় দিবসে দেশে ফেরার কথা বলে শেখ হাসিনা মূলত নিজের পরিকল্পনার দুর্বলতাই প্রকাশ করেছেন। একই সঙ্গে শেখ হাসিনার এই ঘোষণাকে রাজনৈতিক ‘ব্লাফ’ হিসেবে দেখছেন শফিকুল আলম

মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শফিকুল আলম এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘১৬ ডিসেম্বর তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশি কর্তৃপক্ষকে একটি বিমান পাঠানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা ডিসেম্বরে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যতটুকু অনিশ্চয়তা বাকি ছিল, তা দূর করে দিয়েছেন।’

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে বাংলাদেশ আবারও প্রত্যর্পণের উদ্যোগ নিতে পারে বলে মনে করেন শফিকুল আলম। তার দাবি, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে দিল্লির কাছে নতুন করে আবেদন জানাতে পারে ঢাকা। তবে পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষজ্ঞ শ্রীধারা দত্তের পর্যবেক্ষণ উল্লেখ করে তিনি বলেন, ভারত তাঁকে প্রত্যর্পণ করবে না।

তিনি বলেন, ‘বাংলাদেশ আবারও ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাবে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন দণ্ডিত অপরাধী তিনি। তবে পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষজ্ঞ শ্রীধারা দত্ত যেমনটি বলেছেন, নয়াদিল্লি কখনোই তাকে প্রত্যর্পণ করবে না।’

১৬ ডিসেম্বর তারিখ বেছে নেওয়াকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন শফিকুল। তার ভাষায়, ‘তার তারিখ বেছে নেওয়াই প্রমাণ করে, এই আহ্বান নিছকই একটি ব্লাফ। আমাদের ইতিহাসের সবচেয়ে পবিত্র দিন বিজয় দিবসে তাকে দেশে ফিরিয়ে আনতে কেউ বিমান পাঠাবে না।’

শফিকুল মনে করেন, হাসিনার এই ঘোষণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর জন্য পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা করা সহজ হয়েছে। কারণ, এখন তারা একটি নির্দিষ্ট দিনকে সামনে রেখে প্রস্তুতি নিতে পারবে। রাজনৈতিক দলগুলোকে ওই দিন ঘিরে রাজপথে নিজেদের কর্মসূচি সাজাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, ‘এই ঘোষণার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর জন্য বিষয়টি আরও সহজ হয়ে গেছে। কারণ, এখন তারা একটি নির্দিষ্ট দিনকে সামনে রেখে তাদের তৎপরতা চালাতে পারবে। রাজনৈতিক দলগুলোকে বিশেষভাবে ওই দিনকে কেন্দ্র করে রাজপথে কর্মসূচি সাজাতে হবে।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন শফিকুল। তার মতে, ডিসেম্বরজুড়ে একই মাত্রায় রাজনৈতিক তৎপরতা ধরে রাখা দলটির জন্য কঠিন হবে। তবে ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে বিক্ষোভ এবং বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বাকি দিনগুলোতে দলটির তৎপরতা কম থাকতে পারে বলেও মনে করেন শফিকুল।

তার কথা, ‘এমনকি আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষেও পুরো ডিসেম্বরজুড়ে নিজেদের তৎপরতা ধরে রাখা কঠিন হবে। ১৫ ও ১৬ ডিসেম্বর তারা রাজপথে বিক্ষোভ এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কর্মসূচি নিয়ে আবারও চেষ্টা চালাতে পারে। তবে ডিসেম্বরের বাকি দিনগুলো তাদের কাছে তেমন আকর্ষণীয় মনে হবে না।’

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী। এ জন্য ভারতের রাজধানী দিল্লি থেকে ঢাকায় আসতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবারও দেশে ফেরার জন্য সরকারের কাছে একই ধরনের পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি।