কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সানজিদা (২০) ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় অবশেষে হার মানলেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানজিদা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সানজিদার শরীরের ৩৭ শতাংশ পুড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন তিনি।
৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সানজিদা।