সৌদি আরবের আকাশচুম্বী ভবনে ফের হুতি হামলা, আহত অন্তত ১১
সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবনে সন্দেহভাজন হুতি হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। এক সপ্তাহের কম সময়ের মধ্যে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর থাকা পরিচিত এই ভবনে এটি দ্বিতীয় দফা হামলা।
সৌদি আরবের সিভিল ডিফেন্স (বেসামরিক প্রতিরক্ষা বিভাগ) আহত হওয়ার তথ্য জানিয়ে ভবনটির একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে ভবনটির মাঝামাঝি উচ্চতায় সামনের অংশে ক্ষয়ক্ষতি দেখা গেছে। গত ১৯ নভেম্বর একই ভবনে হওয়া হামলার ক্ষতির সঙ্গে এর মিল রয়েছে; তবে সেদিনের ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হননি। বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি সর্বশেষ ছবিটি কখন তোলা হয়েছে কিংবা মঙ্গলবারের হামলায় ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা কতটুকু। এদিকে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের আর্থিক অঞ্চলের একটি আকাশচুম্বী ভবন ‘সন্ত্রাসী হামলার’ লক্ষ্যবস্তু হয়েছে। তবে জোটটি সরাসরি হুতিদের দায়ী করেনি এবং বিস্তারিত কোনো তথ্যও দেয়নি।
রাজধানী সানাসহ ইয়েমেনের পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে হুতি যোদ্ধারা। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের প্রভাবে গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়ার পর থেকে তারা সৌদি আরবের বিমানবন্দর, তেল অবকাঠামো ও অফিস ভবন লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এসব হামলার কারণে রিয়াদগামী বেশির ভাগ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। পাশাপাশি এএফসি এশিয়ান কাপসহ বড় কয়েকটি আন্তর্জাতিক আয়োজন স্থগিত বা বাতিল করতে বাধ্য হয়েছে সৌদি আরব।
অন্যদিকে ইয়েমেনে চলমান সংঘাত বড় ধরনের মানবিক সংকট তৈরি করেছে। গত জুলাই থেকে দেশটিতে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এরই মধ্যে হুতিরা বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে। এতে সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীগুলো চলতি মাসে বড় ধরনের পিছু হটতে বাধ্য হয়েছে। একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোটও ব্যাপক বিমান হামলা চালিয়েছে।