চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা
ছবিঃ সংগৃহিত।
চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে বদর উদ্দিন (৫৩) নামে এক মাছের ঘের পাহারাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গহেরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত বদর উদ্দিন গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে তিনি বিলের পাশে একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন। এ সময় সুযোগ বুঝে একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন রয়েছে।
বুধবার ভোরে স্থানীয় লোকজন মাঠে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে, এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বদর উদ্দিনকে কারা এবং কী কারণে হত্যা করেছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।