সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহিত।

সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস।

তারা দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল থেকে মা ও মেয়ে নিখোঁজ ছিলেন। পরে তাদের সন্ধানে খোঁজাখুঁজির একপর্যায়ে সুরমা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাদের ১১ মাস বয়সী মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স যখন মাত্র তিন মাস, তখনই রোগটি শনাক্ত হয়।

মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে তার স্ত্রী সবসময় দুশ্চিন্তায় থাকতেন। সারাজীবন মেয়েকে রক্ত দিতে হবে এবং বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে-এমন চিন্তা থেকে তিনি হতাশায় ভুগছিলেন।

তিনি আরও জানান, স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছিল। সম্প্রতি চার-পাঁচ দিন আগেও তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নেওয়া হয়। এর আগেও চিকিৎসা করানো হয়েছিল। তবে ওষুধ সেবন করেও তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

জীবনানন্দ বিশ্বাস বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে স্ত্রী বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সঙ্গে তার স্ত্রীর কোনো মনোমালিন্য বা বিরোধ ছিল না বলেও জানান তিনি।

এ বিষয়ে সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী জানান, দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকা থেকে নিখোঁজ মা ও মেয়ের মরদেহ নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মা ও মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে।