চট্টগ্রামে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে ভাসতে থাকা অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার শিকলবাহা ইউনিয়নের শিকলবাহা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, জোয়ার-ভাটার টানে কর্ণফুলী নদী থেকে মরদেহটি ভাসতে ভাসতে খালে চলে এসেছে। ওই নারীর আনুমানিক বয়স ৪০ বছর।তার পরনে কোনো পোশাক ছিল না।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, মরদেহটি ৫/৬ দিন আগের।
জোয়ার-ভাটার টানে ভাসতে ভাসতে লাশটি শিকলবাহা খালে প্রবেশ করেছে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।