সুনামগঞ্জে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার
ছবিঃ সংগৃহিত।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের সভাপতি (আহ্বায়ক) হাফিজ উদ্দিন পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাফিজ তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মনজুর আলীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাহিরপুর থানা পুলিশের একটি বিশেষ দল সদরের উজান তাহিরপুর গ্রাম সংলগ্ন তাহিরপুর-আনোয়ার সড়ক থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল জানান, হাফিজ ও তার সহযোগী মোদেরগাঁও গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে উপজেলা যুবলীগের সেক্রেটারি রায়হান উদ্দিন রিপনসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটস আ্যাপ,টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে দেশব্যাপী ফেসবুকে উসকানিমূলক পোস্ট প্রচারে উৎসাহিত করণ, অর্থায়ন করে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টায় লিপ্ত ছিলেন।
বুধবার তাহিরপুর থানার ওসি মো. ফারুক আহম্মেদ জানান, আটক হাফিজকে থানায় সম্প্রতি দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।