কুমিল্লায় বিকেএসপি, লাকসামে পূর্ণাঙ্গ স্টেডিয়ামের ঘোষণা

কুমিল্লায় বিকেএসপি, লাকসামে পূর্ণাঙ্গ স্টেডিয়ামের ঘোষণা

ছবি: সংগৃহীত

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, কুমিল্লার লাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করা হবে। পাশাপাশি এখানে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। মনোহরগঞ্জ উপজেলায় জমি অধিগ্রহণের মাধ্যমে নতুন স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হবে, যাতে সারা বছর খেলাধুলার আয়োজন করা সম্ভব হয়। এছাড়া কুমিল্লা জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার পরিকল্পনাও সরকারের রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে লাকসাম উপজেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, দক্ষ ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, লাকসাম, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ রোজী আক্তার।

পরে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে লাকসাম উপজেলা ফুটবল দল ১-০ গোলে মনোহরগঞ্জ উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে দর্শকরা উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।