৬ বছরেও শেষ হয়নি ঢাকা-শরীয়তপুর মহাসড়কের কাজ, দুর্ভোগ লাখো মানুষের
ছবি: সংগৃহীত
নির্ধারিত সময় পেরিয়ে ছয় বছরেও শেষ হয়নি ঢাকা-শরীয়তপুর মহাসড়কের নির্মাণকাজ। কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও এখনো সড়কের বিভিন্ন অংশের কাজ অসমাপ্ত রয়েছে। ফলে প্রতিদিন যানজট, ধুলাবালি, কাদা ও খানাখন্দের দুর্ভোগ পোহাতে হচ্ছে শরীয়তপুর, মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের লাখো মানুষকে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, শরীয়তপুর থেকে পদ্মা সেতুর নাওডোবা প্রান্ত পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করতে ২০২০ সালে প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় ৮৬৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটি তিনটি প্যাকেজে ভাগ করা হয়েছে। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তরসহ নানা জটিলতায় নির্ধারিত সময়ে তা শেষ হয়নি। এরপর কয়েক দফা মেয়াদ বাড়ানো হলেও প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
সওজ সূত্রে জানা গেছে, প্রকল্পের ২৭ কিলোমিটার সড়কের মধ্যে ২৫ কিলোমিটারে কাজ শুরু হয়েছে। তবে ছয় বছরেও নির্মাণকাজ শেষ হয়নি। সংশ্লিষ্ট বিভাগের দাবি, এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৭২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। শরীয়তপুর সদর থেকে নাওডোবা পর্যন্ত ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ২২টি লটের মধ্যে ১৮টির জমি সওজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি চারটি লটের জমি এখনো হস্তান্তর করা হয়নি। এর মধ্যে প্রায় দুই কিলোমিটার সড়কের জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সওজ।
সরেজমিনে দেখা যায়, শরীয়তপুর শহর থেকে জাজিরা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে নির্মাণকাজ চলছে। কোথাও সড়কের এক পাশ খুঁড়ে রাখা হয়েছে, কোথাও নির্মাণসামগ্রী ফেলে রাখায় যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। জাজিরার রসের মোড়, নাওডোবা ও আশপাশের এলাকায় বৃষ্টির পর সড়কের বিভিন্ন অংশ কাদায় পরিণত হচ্ছে। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন এ মহাসড়ক দিয়ে শত শত বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। নির্মাণকাজের ধীরগতির কারণে সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীদের সময় নষ্ট হওয়ার পাশাপাশি পরিবহনমালিকদের অতিরিক্ত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করতে হচ্ছে।
বাসচালক ও যাত্রীরা বলেন, সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে কাদা জমে যায়। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হচ্ছে। অন্যদিকে ধুলাবালির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও সড়কের পাশের বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও তাঁরা এর সুফল পাচ্ছেন না।
সওজের উপসহকারী প্রকৌশলী সিদ্ধি শাধী বলেন, এখনো জেলা প্রশাসনের কাছ থেকে প্রায় দুই কিলোমিটার সড়কের জমি বুঝে পাওয়া যায়নি। এ ছাড়া সড়কে কয়েকটি কারিগরি জটিলতা রয়েছে। মহাসড়কের দুটি সেতুর মধ্যে একটি নির্মাণের কাজ শেষ হয়েছে। কাজিরহাট সেতুর প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে কোটাপাড়া-প্রেমতলা এলাকায় সেতুর কাজ শেষ হয়েছে। এর ওপর দিয়ে ইতিমধ্যে যানবাহন চলাচল শুরু হয়েছে।
তিনি বলেন, ৫ আগস্টের পর মূল ঠিকাদারকে খুঁজে না পাওয়ায় নির্মাণকাজে বড় ধরনের বিঘ্ন ঘটে। তবে দ্রুত এসব সমস্যার সমাধান করে কাজ পুরোদমে শুরুর আশ্বাস দেন তিনি।
সওজের নির্বাহী প্রকৌশলী মনোয়ারুল ইসলাম জানান, ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তরসহ বিভিন্ন কারিগরি জটিলতার কারণে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্যও আবেদন করা হয়েছে।