চাকরির প্রলোভনে যৌনপল্লীতে বিক্রি, নারীসহ দুজনের যাবজ্জীবন

চাকরির প্রলোভনে যৌনপল্লীতে বিক্রি, নারীসহ দুজনের যাবজ্জীবন

ফাইল ছবি

 

ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করা ও নির্যাতনের অভিযোগে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দৌলতদিয়া যৌনপল্লির মজি ফকির ও রোজী সরদারনি। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ১১ ধারায় প্রত্যেককে সাত বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে কনা আক্তারকে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে যান রোজী। সেখানে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করা হয়। রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন ভুক্তভোগী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, সাক্ষ্য-প্রমাণ ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। এতে বাদী ন্যায়বিচার পেয়েছেন বলে তারা সন্তুষ্ট।