বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ফাইল ছবি

 

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে দুপচাঁচিয়ায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন এবং দুপুরে ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দুটি দুর্ঘটনাই ঘটেছে আঞ্চলিক সড়কে।

এদিন সকাল সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠের পুকুর এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নিহত হন। তিনি দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের মৃত তনির শাহের ছেলে। এ ঘটনায় অটোরিকশায় থাকা খলিল সরদার নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, সকালে দুপচাঁচিয়া এলাকায় দুধ বিক্রি করে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত। পথে মাঠের পুকুর এলাকায় পৌঁছালে আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাখাওয়াত ও খলিল সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। আহত খলিল সরদারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজলিমুর রহমান বলেন, বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, একই দিন দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

নিহতরা হলেন- ধুনট উপজেলার বানিয়াজান এলাকার বিপ্লব সরকারের ছেলে মোটরসাইকেলের চালক উজ্জল সরকার (২২) এবং চৌবাড়িয়া এলাকার স্বদেশের ছেলে শিখর চন্দ্র (২৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেলে ধুনটের দিকে যাচ্ছিলেন উজ্জল ও শিখর। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জল সরকার মারা যান। গুরুতর আহত শিখর চন্দ্রকে স্থানীয়রা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।

ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। অন্য মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজনের মরদেহ ঘটনাস্থল থেকে এবং আরেকজনের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।