এসব লক্ষণেই বুঝবেন লিভার ভালো নেই

এসব লক্ষণেই বুঝবেন লিভার ভালো নেই

ছবি: সংগৃহীত

শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ লিভার বা যকৃত। একাধিক গুরুত্বপূর্ণ কাজ করে এটি। হজমে সাহায্য করা, দেহ থেকে টক্সিন বের করে দেওয়া, বিপাকহার নিয়ন্ত্রণসহ বহু কাজ করে লিভার। তাই সুস্থ থাকতে লিভারের যত্ন নেওয়া জরুরি। 

দৈনন্দিন জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের ভুলভ্রান্তির কারণ ক্ষতি হয় লিভারের। সঙ্গী হয় একাধিক জটিল রোগ। সমস্যা হলো, বেশিরভাগ মানুষই লিভারের অসুখের প্রাথমিক লক্ষণগুলো অবহেলা করেন। এতে বিপদ বাড়ে। পরিস্থিতি জটিল দিকে মোড় নেয়। 

কোন কোন লক্ষণে বুঝবেন লিভারের হাল ঠিক নেই? চলুন জেনে নিই-

ত্বক, চোখ হলুদ হয়ে যাওয়া-
লিভার ঠিকমতো কাজ না করলে অনেক সময় শরীরে বিলিরুবিনের পরিমাণ বাড়ে। তার জন্য ত্বক ও চোখ হলুদ হয়ে পড়ার আশঙ্কা বৃদ্ধি পায়। এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। 

শরীরে ফোলা ভাব
বিশেষজ্ঞদের মতে, লিভারের হাল বেহাল হয়ে পড়লে শরীরে পানি জমে যেতে পারে। ফলে চোখ, মুখ, পা এবং পেট ফুলে যায়। তাই শরীর হঠাৎ ফুলে গেলে সচেতন হোন। 

খিদা নষ্ট হয়ে যাওয়া 
হঠাৎ করেই কি খিদে খুব কমে গিয়েছে? আগে যেই খাবারগুলো খেতেন তা আর মুখে তুলতে ইচ্ছে করছে না। এমনটা হলে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ লিভারের সমস্যা থাকলে এমনটা হয়ে থাকে। 

ওজন হ্রাস
লিভার ঠিকমতো কাজ না করতে পারলে হঠাৎ করেই অনেকটা ওজন কমে যেতে পারে। ব্যক্তির চেহারায় হুট করে বিরাট বদল আসে। 

এছাড়াও লিভারজনিত সমস্যার আরও কিছু উপসর্গ হলো- 

চুলকানি
গাঢ় রঙের প্রস্রাব
ফ্যাকাসে মল
অল্পতেই রক্তপাত
শ্বাসকষ্ট
রাতে ঘুম না আসা ইত্যাদি

এসব উপসর্গ দেখা দিলে সচেতন হোন। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এতে পরবর্তীতে জটিল রোগ থেকে দূরে থাকা যাবে।