পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা ভারতের

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা ভারতের

ফাইল ছবি

ভারতে অনেক বছর ধরেই নিষিদ্ধ পাকিস্তানি যেকোনো বিনোদনমূলক কনটেন্টের প্রচার। সদ্য পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দার-এ-নিজাত’-এর দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ভারতের ব্যাঙ্গালুরুতে। তবে নানা সমালোচনা ও পুলিশের নজরদারির মুখে শেষ পর্যন্ত আয়োজন দুটি বাতিল করা হয়েছে। এর মধ্যেই নেটফ্লিক্সে আসতে যাওয়া পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেইত লো’ ভারতে মুক্তি না দেওয়ার দাবিও জোরালো হচ্ছে। 

পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় ‘দার-এ-নিজাত’। বাংলাদেশের পাশাপাশি সিরিজটি ভারতীয় দর্শকদের মধ্যেও বেশ জনপ্রিয়তা পেয়েছে। দেশটির কিছু ইউটিউব চ্যানেলের মাধ্যমে সিরিজটি দেখা গেলেও ভারতে এআরওয়াই ডিজিটালের অফিশিয়াল চ্যানেলটি বন্ধ রয়েছে।

ব্যাঙ্গালুরুতে সিরিজটির দুটি বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু আয়োজন দুটির প্রচারমূলক পোস্টার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। অনেকেই এমন আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং পুলিশের হস্তক্ষেপ দাবি করেন।

এরপরই দুটি প্রদর্শনী বাতিল করা হয়।

এদিকে পাকিস্তানি বিনোদন কনটেন্ট নিয়ে বিতর্কের মধ্যেই নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেইত লো’-এর ভারতীয় মুক্তি আটকানোর দাবি উঠেছে। ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সাঈদসহ পাকিস্তানের জনপ্রিয় শিল্পীদের অভিনয়ে নির্মিত সিরিজটি আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা। এটি পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ। তিন প্রজন্মের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ছয়টি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সিরিজটির মুক্তি বন্ধের দাবি জানিয়েছে। মঙ্গলবার পাঠানো চিঠিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে সিরিজটি মুক্তি পেলে সন্ত্রাসবাদের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনুভূতির প্রতি অবজ্ঞা দেখানো হবে। পাশাপাশি পাকিস্তানি বিনোদন কনটেন্ট নিষিদ্ধ করতে স্থায়ী আইন প্রণয়নের দাবিও জানিয়েছে সংগঠনটি। তবে সিরিজটি ভারতের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি নেটফ্লিক্স।

এর আগে ২০২৫ সালের মে মাসে ভারত সরকার পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার না করার বিষয়ে নির্দেশনা জারি করেছিল। ওই বছরের জুনে নেটফ্লিক্সও তথ্য ও সম্প্রচার মন্ত্রককে জানিয়েছিল, ভারতীয় গ্রাহকদের জন্য তাদের প্ল্যাটফর্মে পাকিস্তানের কোনো সিনেমা বা সিরিজ নেই।

এবার ‘জো বাচে হ্যায় সাং সামেইত লো’ নিয়ে অভিযোগ জমা পড়ার পর নেটফ্লিক্সকে আগের নির্দেশনা মেনে চলার কথা আবারও মনে করিয়ে দিয়েছে ভারতের মন্ত্রণালয়।