শীতকালে রুম হিটারের পাশে পানি ভর্তি বাটি রাখলে কী হয়?

শীতকালে রুম হিটারের পাশে পানি ভর্তি বাটি রাখলে কী হয়?

ফাইল ছবি

শীতকাল পড়তেই ঠান্ডার হাত থেকে বাঁচতে অনেকেই ঘরে হিটার চালান। বিশেষ করে রাতের দিকে বা ভোরবেলা ঠান্ডা বেশি অনুভূত হলে হিটার বেশ আরাম দেয়। এতে দ্রুত ঘর গরম হয়ে যায় ঠিকই, কিন্তু দীর্ঘক্ষণ হিটার চালিয়ে রাখলে ঘরের বাতাসের আর্দ্রতা কমে যেতে পারে। আর বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে তার প্রভাব পড়তে পারে আমাদের ত্বক ও শরীরের ওপর। তাই শীতকালে হিটার ব্যবহারের সময় একটি ছোট্ট বিষয় খেয়াল রাখা জরুরি। অনেকেই হয়তো লক্ষ করেছেন, হিটার চালানোর সময় তার কাছাকাছি পানির বাটি রাখা হয়। কিন্তু কেন এমনটা করা হয়, তা কি জানেন?

আসলে ঘরের বাতাসের আর্দ্রতা বজায় রাখতেই হিটারের পাশে পানির পাত্র রাখার পরামর্শ দেওয়া হয়। হিটারের তাপে পাত্রের পানি ধীরে ধীরে বাষ্পীভূত হয়। এর ফলে বাতাসে কিছুটা জলীয় বাষ্প মেশে এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। যদিও শুধু একটি পানির বাটি রাখলে ঘরের আর্দ্রতা খুব বেশি বাড়বে, এমনটা নয়। তবে কিছুটা উপকার পাওয়া যেতে পারে।

বাতাস শুষ্ক হলে কী কী সমস্যা হতে পারে? ঘরের বাতাসে আর্দ্রতা কমে গেলে তার প্রভাব শরীরের ওপর পড়তে পারে। অনেকের ক্ষেত্রে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। আবার গলা শুকিয়ে যাওয়া, চোখে জ্বালাভাব এবং ত্বক শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর যদি গলা শুকনো লাগে কিংবা ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয়, তাহলে ঘরের অতিরিক্ত শুষ্ক বাতাসও এর একটি কারণ হতে পারে।

হিটার ব্যবহারের সময় কোন বিষয়গুলো মাথায় রাখবেন? শুধু ঘর গরম রাখলেই হবে না, ঘরের বাতাস চলাচলের ব্যবস্থাও ঠিক রাখা জরুরি। হিটারের পাশে পানির বাটি রাখলে সেটি যেন একেবারে গায়ে গায়ে না থাকে। নিরাপদ দূরত্বে রাখতে হবে, যাতে পানি ছিটকে হিটারের ভেতরে না যায় বা কোনো দুর্ঘটনা না ঘটে।

পাশাপাশি হিটার কখনো পর্দা, বিছানা, সোফা বা দাহ্য পদার্থের কাছাকাছি রাখবেন না। হিটার ব্যবহারের সময় প্রস্তুতকারকের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ মেনে চলুন।

ঘরের আর্দ্রতা ঠিক কতটা রয়েছে, তা জানতে ব্যবহার করতে পারেন আর্দ্রতামাপক যন্ত্র বা হাইগ্রোমিটার। এই যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা মাপা যায়। বিশেষজ্ঞদের মতে, ঘরের আপেক্ষিক আর্দ্রতা সাধারণত ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে রাখা আরামদায়ক। তাই শীতকালে হিটার চালানোর পাশাপাশি ঘরের আর্দ্রতা ও নিরাপত্তার দিকেও নজর দেওয়া জরুরি।